দুঃস্বপ্নের অবসান, দেশের মানুষের মুক্তির দিন আজ: প্রধান উপদেষ্টা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বৃহস্পতিবার সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আজ। আজকের দিন দেশের মানুষের মুক্তির দিন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “আজ মহা আনন্দের দিন, আজ নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিন আজ জন্মদিন উৎসব পালন করব।”
তিনি বলেন, “নতুন উৎসবের সূচনা হলো। এখান থেকে আমরা অতীতকে বর্জন করলাম। যে দুঃস্বপ্নের অতীত ছিল তা সম্পূর্ণ রূপে বর্জন করলাম। আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজ জাতির সবাই মিলে আমরা উৎসব করি।”
প্রধান উপদেষ্টা বলেন, “আজ প্রার্থীর জন্য ভোট দিলাম, সেটা গুরুত্বপূর্ণ কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশ পাল্টে যাবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার। আমরা সবাই নতুন বাংলাদেশ গড়ে তুলব।”
তিনি বলেন, “খুব ভালো লাগলো, আজ আমার জীবনের মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার জন্য মহা আনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান। নতুন স্বপ্নের শুরু।”
ঢাকা/এনটি/ইভা