জনপ্রত্যাশা পূরণে দ্রুত পরিকল্পনার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণে কাজ করতে হবে।”
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। ফলে বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশাও অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে নির্বাচনি ইশতেহার দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি জানান, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীতে জনপ্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম চালু করতে হলে প্রথমেই সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জনই সরকারের লক্ষ্য। এ উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বাজেট অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নতুন জনবল নিয়োগ এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নের জন্য একটি সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দপ্তর-সংস্থার প্রধানদের কাছ থেকে পরামর্শ ও সুপারিশ গ্রহণ করা হবে। এসব সুপারিশের ভিত্তিতেই সংস্কারের অগ্রাধিকার চূড়ান্ত করা হবে।”
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/জান্নাত