ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সিসিটিভি ক্যামেরা সংবলিত ভোটকেন্দ্রগুলোর ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিনের ধারণ করা ভিডিও ফুটেজ পরবর্তী সময়ে প্রমাণ হিসেবে ব্যবহারের লক্ষ্যে সংরক্ষণ করতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফুটেজ সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটগ্রহণের আগের দিন ও ভোটের দিন ধারণ করা সব ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে প্রয়োজনে তা যাচাই–বাছাইয়ে ব্যবহার করা যায়।
ঢাকা/এমএসবি/মাসুদ