স্পিকারের কাছে নিরপেক্ষভাবে সংসদ পরিচালনার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার
সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকারের কাছে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে সংসদ পরিচালনার প্রত্যাশা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “২৪ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের এই সংসদ গঠিত হয়েছে।” তাই দলীয় বিভাজন নয়, স্পিকারের কাছে সরকার ও বিরোধী দল সবার জন্য সমান সুবিচার প্রত্যাশা করেন তারা।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “বর্তমান সংসদ কোনো সাধারণ সংসদ নয়; এটি বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত।” বক্তব্যের শুরুতে তিনি দেশের বিভিন্ন আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ৯০-এর গণআন্দোলন এবং শাপলা চত্বরসহ বিভিন্ন সময়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে যারা নির্যাতিত হয়েছেন, নিহত হয়েছেন কিংবা আহত ও পঙ্গু হয়েছেন তাদের সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ে যারা বুক চিতিয়ে আন্দোলন করে আজকের সংসদ গঠনের পথ তৈরি করেছেন, তাদের অবদান দেশ কখনও ভুলবে না।”
শহীদদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করে তিনি বলেন, “যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দান করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দেন।”
নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “স্পিকার হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে সংসদ পরিচালনা করবেন এটাই সবার প্রত্যাশা।”
তিনি বলেন, “আপনি একটি দল থেকে নির্বাচিত হলেও এরইমধ্যে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এখন আমরা বিশ্বাস করি আপনার কাছে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এবং আমরা সুবিচার পাব।”
সংসদের অতীত কার্যক্রমের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “অনেক সময় জনগণের কল্যাণের বিষয় নিয়ে আলোচনা না হয়ে ব্যক্তিগত চরিত্র হননের রাজনীতি হয়েছে।”
তিনি স্পিকারের উদ্দেশে বলেন, “জাতীয় সংসদ যেন কখনও ব্যক্তিগত চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়; বরং এটি জনকল্যাণ ও গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গঠনমূলক আলোচনার জায়গা হয়ে উঠুক।”
তিনি আরো বলেন, “স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশের সংসদীয় রাজনীতি সবসময় কার্যকর ছিল না। অনেক সময় ফ্যাসিবাদের কারণে সংসদ তার যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। তবে বর্তমান সংসদকে তিনি গতানুগতিক ধারার বাইরে একটি কার্যকর ও গতিশীল সংসদ হিসেবে দেখতে চান।”
বর্তমান সংসদে তরুণ সদস্যদের উপস্থিতির কথাও উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, “নতুন প্রজন্মের এই সংসদ সদস্যদের কাছ থেকে গঠনমূলক রাজনীতি ও ইতিবাচক উদ্যোগ আশা করা যায়।”
ঢাকা/এএএম/ইভা