ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজধানীর ফাঁকা সড়কে স্বস্তি, শঙ্কা বেপরোয়া গতির অটোরিকশা

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ২১ মার্চ ২০২৬  
রাজধানীর ফাঁকা সড়কে স্বস্তি, শঙ্কা বেপরোয়া গতির অটোরিকশা

পবিত্র ঈদুল ফিতরে রাজধানী ঢাকা কোলাহলহীন, যানজটমুক্ত ভিন্ন এক শহর। নাড়ির টানে গ্রামে পাড়ি জমানো লাখো মানুষের অনুপস্থিতিতে ফাঁকা হয়ে পড়েছে রাজধানীর ব্যস্ত সড়কগুলো। ফাঁকা রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা।

শনিবার (২১ মার্চ) সকাল থেকে রাজধানীর গুলিস্তান, মতিঝিল, শাহবাগ, ফার্মগেট, কাকরাইল, পল্টন, রামপুরা, বাড্ডা, কুড়িল, ধানমন্ডি ও নিউমার্কেটসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রধান সড়কগুলো প্রায় যানশূন্য। হাতে গোনা কিছু বাস চললেও যাত্রী সংকট রয়েছে। 

পল্টন এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের সদস্য কালাম হোসেন বলেন, ‘‘ঈদের দিন ঢাকার চিত্র এমনই থাকে। আজ গাড়ি কম, তাই আমাদের চাপও কম। তবে ফাঁকা রাস্তায় কেউ যেন অতিরিক্ত গতিতে না চালায়, সেদিকে নজর রাখছি।’’

যানজট না থাকায় মানুষের চলাচলও সহজ হয়ে পড়েছে। ধানমন্ডি থেকে পল্টন প্রেসক্লাবে এসেছেন রাশেদ হাসান। তিনি বলেন, ‘‘অন্য সময় এই পথে এক ঘণ্টার বেশি লাগে। আজ ২০ মিনিটেই পৌঁছে গেছি। ঢাকা এমন থাকলে চলাচল অনেক সহজ হতো।’’

তবে যাত্রী কম থাকায় বাসচালকদের মধ্যে দেখা গেছে হতাশা। গুলিস্তান এলাকায় বাসচালক আব্দুল মালেক বলেন, ‘‘সকাল থেকে কয়েকটা ট্রিপ দিয়েছি, কিন্তু যাত্রী নেই বললেই চলে। ঈদের দিন একটু বাড়তি আয় হবে ভেবেছিলাম, সেটা আর হচ্ছে না।’’

অন্যদিকে, স্বল্প দূরত্বে চলাচলের জন্য অনেকেই বেছে নিচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা। পরিবার নিয়ে বের হওয়া মানুষদের কাছে এটি এখন সহজ ও দ্রুতগতির বাহন। রামপুরা এলাকার অটোরিকশাচালক জাকির হোসেন বলেন, ‘‘আজ রাস্তায় জ্যাম নাই, তাই ট্রিপও বেশি দেওয়া যাচ্ছে। দ্রুত যাওয়া যায়, তাই মানুষ অটোরিকশায় বেশি ওঠে।’’

ঈদের ছুটিতে এ সময় প্রতি বছরই রাজধানীতে মানুষ কম থাকে। ফলে সড়কে চাপও কম থাকে। ট্রাফিক পুলিশের ব্যস্ততা কমে যায়। তবে ফাঁকা সড়কে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার শঙ্কার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে, ঈদের  ঢাকা যেন এক স্বস্তির শহর। নেই কোলাহল, নেই চিরচেনা যানজট। তবে এই স্বস্তির মাঝেও রয়ে গেছে সতর্কতার বার্তা- ফাঁকা সড়ক যেন না হয়ে ওঠে বেপরোয়া গতির ঝুঁকিপূর্ণ মঞ্চ।

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়