শিশু হত্যায় জাতীয় সংসদে শোক
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের পর হত্যার শিকার শিশুদের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ।
রবিবার (৭ মে) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এটি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতেই শোক প্রকাশ করা হয়।
আগামী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট।
অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চলতি অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন। তারা হলেন— সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবদীন, মো. শাহজাহান ও শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার ক্রমানুসারে তারা অধিবেশনে সভাপতিত্ব করবেন।
ঢাকা/এএএম/রফিক