ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অপরাধ দমনে পুরস্কার-তিরস্কার নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ৭ জুন ২০২৬   আপডেট: ১৭:৪৪, ৭ জুন ২০২৬
অপরাধ দমনে পুরস্কার-তিরস্কার নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ভালো কাজ করলে পুরস্কার, আর গাফিলতি বা অনিয়মে তিরস্কার।  এই নীতি চালু থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (৭ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনে পুলিশকে যেমন পুরস্কৃত করা হবে, তেমনি দায়িত্বে অবহেলা বা অন্যায়ে জড়ালে তিরস্কার ও বিভাগীয় শাস্তির ব্যবস্থাও চলমান থাকবে।

সম্প্রতি আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলাসহ বেশ কয়েকটি জটিল মামলায় পুলিশের দ্রুত তদন্ত ও আসামি গ্রেপ্তারের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট সদস্যদের পুরস্কৃত করা হবে। একইভাবে কারও নিষ্ক্রিয়তা বা অপরাধে সম্পৃক্ততা পেলে ছাড় দেওয়া হবে না।

রামিসা হত্যা মামলার রায়কে বিচার ও তদন্তের ইতিহাসে মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, খুব কম সময়ে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হয়েছে। বিচারক ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটি বাতিল করে বিচারকাজ শেষ করেছেন। এটি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতার বড় উদাহরণ।

রায় দ্রুত কার্যকরের বিষয়ে মন্ত্রী জানান, মামলার ভয়াবহতা বিবেচনায় ডেথ রেফারেন্সের শুনানি আইনি প্রক্রিয়া মেনে এগিয়ে আনতে সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে।

তিনি আরও বলেন, গোয়ালন্দ দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিচক্ষণতায় অন্তত ৫০ বাসযাত্রীর প্রাণ বেঁচেছে। এছাড়া মুন্সীগঞ্জের গজারিয়ায় ক্লুলেস কিশোরী হত্যা মামলার রহস্য দ্রুত উদঘাটন করে আসামি ধরেছে পুলিশ।

আগামীকাল ৮ জুন নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিনের সীমান্ত সম্মেলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে অবৈধ পুশ-ইন, সীমান্ত হত্যাসহ সার্বিক নিরাপত্তা ইস্যুগুলো বৈঠকে গুরুত্ব পাবে। বিজিবি সীমান্তে পুরোপুরি সতর্ক আছে। যেকোনো অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে ঠেকানো হবে।

গতকাল শনিবারের সংসদীয় দলের বৈঠকে আইনশৃঙ্খলা নিয়ে আলোচনার বিষয়ে তিনি জানান, অপরাধ ও মাদকবিরোধী নিয়মিত অভিযান চলছে। তবে কৌশলগত কারণে বিশেষ অভিযানের তথ্য আগে প্রকাশ করা হয় না। প্রচলিত কিছু আইনের দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। এ জন্য মাদক নিয়ন্ত্রণ ও জুয়া প্রতিরোধে যুগোপযোগী আইন করার কাজ চলছে। সংস্কার শেষ হলে অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া আরও সহজ হবে বলে তিনি জানান। 

ঢাকা/এএএম//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়