ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসপাতালে ঘুরে বিনা চিকিৎসায় মৃত‌্যু: পদক্ষেপ নিতে বললেন কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ২৮ আগস্ট ২০২০   আপডেট: ১৭:৫১, ৩০ আগস্ট ২০২০
হাসপাতালে ঘুরে বিনা চিকিৎসায় মৃত‌্যু: পদক্ষেপ নিতে বললেন কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ফটো)

হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও চিকিৎসা না পেয়ে রোগীর মৃত‌্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে পদক্ষেপ নিতে স্বাস্থ‌্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। 

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ‌্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের স্বাস্থ‌্য ও জনস‌ংখ‌্যাবিষয়ক উপ-কমিটি। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনা পরিস্থিতিতে বিশ্বের সব দেশেই সীমাবদ্ধতা ছিল, আমাদেরও ছিল। আমরা সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করছি। পত্রিকায় দেখেছি, একজন ডাক্তার হাসপাতালে হাসপাতালে ঘুরে বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা করাতে পারছেন না। চিকিৎসক হয়েও নিজের বাবা-মাকে চিকিৎসা দিতে পারছে না। এটা কীভাবে হতে পারে?’

তিনি বলেন, ‘স্বাস্থ‌্যের ডিজি সাহেবকে অনুরোধ করব, এই যে হাসপাতালে হাসপাতালে ঘুরেও স্বাস্থ‌্যসেবা পাওয়া যাচ্ছে না, একটু দেখবেন। করোনা টেস্ট আরো বাড়াতে হবে। রিপোর্ট দিতে যেন বিলম্ব না হয়। টেস্টের পরপরই যাতে যথাযথ সময়ে রিপোর্ট পাওয়া যায়।’

করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন, উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার শুরু থেকেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। সরকার ও আওয়ামী লীগের ঐকান্তিক প্রচেষ্টায় অল্প সময়ে জনসচেতনতার পাশাপাশি চিকিৎসা সক্ষমতা তৈরি হচ্ছে, যা দিন দিন বাড়ছে।’

স্বাস্থ‌্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের মধ‌্যে সমন্বয় না থাকলে সমস‌্যা তৈরি হয়, উল্লেখ করে এ বিষয়ে নজর রাখার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘শেখ হাসিনা জনগণের স্বাস্থ‌্যসেবা নিশ্চিত করতে অনেক পদক্ষেপ নিয়েছেন। একাধিক মেডিক‌্যাল কলেজ, বিশ্বদ‌্যিালয় প্রতিষ্ঠা করছেন জেলায় জেলায়। স্বাস্থ‌্য বিমা চালুর প্রকল্প হাতে নিয়েছেন। এই খাতের অবকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে চিকিৎসকসহ আবশ‌্যকীয় জনবল নিয়োগ দিয়ে যাচ্ছেন প্রতিবছর। এবার পর্যাপ্ত বরাদ্দ পেয়েছে স্বাস্থ‌্য মন্ত্রণালয়। সরকারের পাশাপাশি বেসরকারি খাতে চিকিৎসাসেবাও বাড়ছে। দেশে এখন আন্তর্জাতিক মানের চিকিৎসা হচ্ছে।’

‘তবে এ কথা সত‌্য, এখনো কোথাও কোথাও চিকিৎসাসেবার মান নিয়ে প্রশ্ন আছে। গ্রামাঞ্চলে এখনো স্বাস্থ‌্যসেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। বঙ্গবন্ধুকন‌্যা শেখ হাসিনা চিকিৎসকদের গ্রামমুখী হওয়ার যে নির্দেশনা দিয়েছেন, তা যথাযথভাবে প্রতিপালন করে গ্রামের স্বাস্থ‌্যসেবার মান আরো উন্নয়ন করতে হবে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ‌্যসেবা ছড়িয়ে দিতে কাজ করছে সরকার,’ বলেন ওবায়দুল কাদের।

এ সময় চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ চিকিৎসা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন‌্যবাদ জানান তিনি।

ঢাকা/পারভেজ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়