মুক্তিযোদ্ধা সমাবেশের অনুমতি পেলো বিএনপি
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি পেয়েছে বিএনপি। অনুমতির পর সকাল ১১টা থেকে মঞ্চ নির্মাণের কাজ শুরু করেছে দলটি।
মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত সমাবেশটি আজ সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল।
সোমবার সকাল থেকে নয়াপল্টনের রাস্তার এক পাশে সমাবেশের মঞ্চ নির্মাণ করতে বাধা দিচ্ছিল পুলিশ। অবশেষে রাস্তায় মঞ্চ নির্মাণ এবং যান চলাচল সচল রাখার শর্তে দলীয় অফিসের সামনে এ সমাবেশ করার অনুমতি দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমকে বলেন, মতিঝিল বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে, কিছু শর্তে সমাবেশের অনুমতি পাওয়া গেছে। রাস্তায় মঞ্চ নির্মাণ বাদ দিয়ে অফিসের নিচে সমাবেশ করতে বলা হয়েছে।
এ বিষয়ে মতিঝিল জোনের এডিসি মো. রওশান উল হক সৈকত বলেন, রাস্তায় যানবাহন চলাচলে কোনো বাধাবিঘ্ন না করে তারা তাদের অফিসের সামনে সমাবেশ করতে পারবে- মর্মে অনুমতি দেওয়া হয়েছে।
অনুমতি পাওয়ার পরই মাইকে ঘোষণার মাধ্যমে সমাবেশের কাজ শুরু করেছে বিএনপি। অফিসের ফুটপাতে অস্থায়ীভাবে চেয়ার বসিয়ে মঞ্চ নির্মাণের কাজ শুরু করেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
/মেয়া/এসবি/
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী