ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কায় মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২৩ জুলাই ২০২৫   আপডেট: ১৮:২৫, ২৩ জুলাই ২০২৫
ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কায় মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল

বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব।

জুলাই-আগস্টের ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কায় গতকাল প্রধান উপদেষ্টা মতবিনিময় সভা করেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে সমস্যা কমে আসবে বলেও জানান তিনি। 

বুধবার (২৩ জুলাই) ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা জানান।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাদের সবার সঙ্গে আলোচনার জন্য তিনি ডেকেছেন। আমরা সেখানে আলোচনা করেছি। মাঝে মাঝে যখন ক্রাইসিস তৈরি হয় তখন অন্তর্বর্তী সরকার আমাদের ডাকেন। আমরা যাই, কারণ আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই সরকারকে সহযোগিতা করবো। গণতন্ত্র উত্তরণের জন্য যা কিছু করা দরকার করবো। তবে আমরা মনে করি এই মতবিনিময়টা আরো ঘন ঘন হলে ভালো হতো।”

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “সরকারের সবচেয়ে বড় সমস্যা অভিজ্ঞতার অভাব। তাদের মধ্যে ইগো কাজ করে। তবে সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে সমস্যাগুলো কমে আসবে।”

এনসিপির ওপর হামলা কিংবা সচিবালয়ে প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা নির্বাচন বানচালের চক্রান্ত হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিমান দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, “একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক কচি প্রাণ গেছে। আমি নিজেও দেখতে গিয়েছিলাম। আমরা দুঃখপ্রকাশ করেছি, শোক জানিয়েছি। গতকালকে উদ্ভূত পরিস্থিতিতে মাইলস্টোন স্কুলে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল। পরীক্ষা সংক্রান্ত জটিলতায় সচিবালয়ে ছাত্ররা ঢুকে পড়ে যেটা সবার কাছে মনে হয়েছে এটা প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে।”

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়