বিএনপির শেষ জনসভা ৮ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারি (রবিবার) বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, ওই দিন দুপুর ২টায় ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জনসভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
রিজভী বলেন, “নির্বাচনকে সফল করতে দলীয়ভাবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভায় তারেক রহমান বক্তব্য রাখবেন। ঢাকা ও আশপাশের এলাকার প্রার্থীরাও জনসভায় উপস্থিত থাকবেন।”
তিনি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে বলেন, “ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সেটিই তাদের আশা।”
বিএনপি সবসময় জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে উল্লেখ করে রিজভী বলেন, “নানা নিপীড়ন সত্ত্বেও বিএনপিকে দমন করা যায়নি। দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়, আবেগ হিসেবেও দেখে। সেই আবেগ ধারণ করেই মানুষ ১২ ফেব্রুয়ারি ভোট দেবে।”
তিনি আরো বলেন, “শাক দিয়ে মাছ ঢাকা যায় না—একটি কাজ করে তা আড়াল করার চেষ্টা করা হলে এই প্রবাদ প্রযোজ্য হয়। বর্তমানে যা কিছু দেখা যাচ্ছে, তা শাক দিয়ে মাছ ঢাকারই নামান্তর।”
তিনি জানান, আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।
ঢাকা/আলী/ইভা