পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ তাসনিম জারার
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বৃহস্পতিবার সকালে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে কথা বলেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন তাসনিম জারা।
সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন কেন্দ্র থেকে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাত গুলো দেখানো হচ্ছে। কাউকে বলা হচ্ছে আপনারা তো এখানকার ভোটার না। কিন্তু নিয়ম নেই পোলিং এজেন্ট হতে হলে ওখানকার ভোটার হতে হবে। আবার পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট এই অজুহাতে বের করে দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। আবার ফোন নিয়ে ঢোকা যাবে না এই কথাও বলা হচ্ছে। অথচ নিয়ম আছে ফোন নিয়ে ঢোকা যাবে কিন্তু ব্যবহার করা যাবে না।”
প্রিজাইডিং অফিসার থেকেও সাড়া না পাওয়ার অভিযোগ তার, বলেন “ভেতরে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচন হচ্ছে। এটা তো গ্রহণযোগ্য না। এটা সুষ্ঠু প্রক্রিয়া কীভাবে হয় তাহলে? যখন আমি জিজ্ঞেস করছি নিয়মটা কি, তখন আবার উনারা বলতে পারছেন না। একটু আগেই আরেকটা কেন্দ্রে গিয়ে আমার এটা নিজে সলভ করা লাগছে। কিন্তু আমি তো প্রার্থী হিসেবে গিয়ে গিয়ে প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করতে পারবো না যে আপনি কোন নিয়মে কেন এই বানোয়াট অজুহাতে আমার পোলিং এজেন্টকে ঢুকতে দিচ্ছেন না বা বের করে দিয়েছেন। এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না।”
এনসিপি থেকে পদত্যাগ করে ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন তাসনিম জারা। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, “আমরা চাইব, সুষ্ঠুভাবে নির্বাচন হবে। এই যে বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, বের করে দেওয়া হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।”
ঢাকা/ইয়াসিন/ইভা