সংস্কার ও পরিবর্তনের জন্য এনসিপির লড়াই অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। সরকার পুরনো পথে হাঁটলে আমাদের নতুন দিগন্ত উন্মোচন করতে হবে। সংস্কার বাস্তবায়নের লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। সংস্কার ও পরিবর্তনের জন্য জাতীয় নাগরিক পার্টির লড়াই অব্যাহত থাকবে।”
সোমবার (১৬ মার্চ) রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর এনসিপি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “ঐকমত্য কমিশন থেকেই বিএনপি সংস্কারের বিপক্ষে। বিএনপি গণভোটের পক্ষে, তবে প্রধান সংস্কারগুলোর পক্ষে নেই। নিজের মনমর্জি মতো সংস্কার করতে চাচ্ছে। সরকার পুরনো পথে হাঁটতে শুরু করেছে। সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে।”
অনুষ্ঠানের সভাপতি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নের লড়াইয়ের জন্য জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা প্রস্তুত আছে।”
এনসিপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা।
ঢাকা/রায়হান/রফিক