ভারী খাবারের পর পেট ফাঁপা: কীভাবে এড়াবেন
খাবার খাওয়ার পর হঠাৎ পেট ভার হয়ে যাওয়া, অস্বস্তি, ঢেকুর ওঠা কিংবা পেট ফুলে থাকা—এসবই ‘ব্লোটিং’ বা পেট ফাঁপার সাধারণ লক্ষণ। বিশেষ করে ভারী বা মুখরোচক খাবার খাওয়ার পর অনেকেই এই সমস্যায় ভোগেন। বারবার এমন হলে খাওয়ার প্রতিও অনীহা তৈরি হতে পারে। তবে চিন্তার কিছু নেই—খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনলেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
খাবারের পর হাঁটাহাঁটি করুন
খাওয়ার পরপরই শুয়ে পড়া বা দীর্ঘক্ষণ বসে থাকা ঠিক নয়। এতে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং গ্যাস জমতে পারে। হালকা হাঁটাহাঁটি (কমপক্ষে ১৫ মিনিট) করলে—হজম দ্রুত হয়, পেট ফাঁপা কমে এবং অ্যাসিডিটির ঝুঁকিও কমে।
অল্প অল্প করে বারবার খান
একসঙ্গে অনেক বেশি খাবার খেলে পেটের উপর চাপ পড়ে, ফলে হজমে সমস্যা হয়।
বরং ২–৩ ঘণ্টা পরপর অল্প অল্প করে খান। এতে বিপাকক্রিয়া সচল থাকে এবং পেট ফাঁপা, বদহজমের ঝুঁকি কমে।
খাওয়ার সময় পানি পানের অভ্যাস বদলান
খাওয়ার সময় বেশি পানি পান করলে হজমে সমস্যা হতে পারে এবং পেট ভার লাগে। যা করবেন—প্রয়োজন হলে ছোট চুমুকে পানি খান, খাবারের ২০–৩০ মিনিট পরে পানি পান করুন এবং সোডা বা কার্বোনেটেড পানীয় এড়িয়ে চলুন।
খাওয়ার সময় মনোযোগ রাখুন
খাওয়ার সময় কথা বলা, মোবাইল দেখা বা টিভি দেখার ফলে অজান্তেই বেশি বাতাস পেটে ঢুকে যায়, যা ব্লোটিং বাড়ায়। তাই ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খাবার খান, মনোযোগ দিয়ে খাবার গ্রহণ করুন এবং খাওয়ার সময় কথা বলা এড়িয়ে চলুন।
ব্লোটিং বা পেট ফাঁপা খুব সাধারণ একটি সমস্যা হলেও এটি দৈনন্দিন জীবনে অস্বস্তি তৈরি করে। তবে সঠিক খাদ্যাভ্যাস, ধীরে খাওয়া, এবং খাবারের পর হালকা চলাফেরা—এই ছোট ছোট অভ্যাসগুলোই বড় পরিবর্তন আনতে পারে। নিয়ম মেনে চললে সহজেই এই সমস্যাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ঢাকা/লিপি/শান্ত