ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩৫০ রানও তাড়া করতে পারি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি : মুশফিক

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ২৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩৫০ রানও তাড়া করতে পারি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি : মুশফিক

ক্রীড়া প্রতিবেদক : প্রথমত, ইংল্যান্ডে বিশ্বকাপ। দ্বিতীয়ত, আইসিসি ইভেন্ট।

শেষ কয়েক বছরে ইংল্যান্ডে ওয়ানডে ক্রিকেট মানেই রান বন্যা। আর আইসিসি ইভেন্ট মানেই ব্যাটসম্যানদের রান উৎসব। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপেও যে রান বন্যা হবে তা বলার অপেক্ষা রাখে না। শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলেছিল সেমিফাইনাল। এবার বিশ্বকাপেও নক আউট পর্বে খেলার ইচ্ছা বাংলাদেশের।

তবে কাজটা মোটেও সহজ নয়। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেমির টিকিট পেতে হলে জিততে হবে কমপক্ষে ৫টি ম্যাচ। জয়ের কাজটা আরও কঠিন। রান উৎসবের ম্যাচে আগে ব্যাটিং করে তিনশর বেশি রান করতেই যে হবে। আবার পরে ব্যাটিং করলে রানের পাহাড় টপকাতে হবে।



এমন মানসিকতা নিয়েই বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে টিম বাংলাদেশ। মুশফিক আজ জানালেন, লক্ষ্য ৩৩০ কিংবা ৩৫০ হলেও যেন তাড়া করতে পারে দল সেভাবেই ব্যাটসম্যানরা প্রস্তুতি নিচ্ছে।

‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি খেয়াল করেন, উইকেটগুলো একটু ফ্ল্যাট ধরনের থাকে। টিপিক্যাল ইংল্যান্ড কন্ডিশনের মত উইকেট থাকে না।  আর ৩০০+ তো যে কোনো গ্রাউন্ডেই হয়ে থাকে।  আমরাও ওইভাবে অনুশীলন করছি।  নিশ্চিত করছি যেন আমাদের ইনিংসের স্ট্রাইক রেটটা যেন হাইয়ার থাকে।  ফলে ৩৩০-৩৫০ ক্রস করলেও যেন আমরা চেইজ করতে পারি।  আবার পোস্ট করতে পারি, যেন আমাদের বোলাররা সেটা ডিফেন্ড করতে পারে।  আমরা সেভাবে চেষ্টা করছি ব্যাটিং ইউনিট।  বোলারদের জন্যও কঠিন হবে, কারণ তেমন সুবিধা থাকবে না। তবে এটা ব্যাটসম্যানদের দায়িত্ব। আমরা যদি ১০-২০টা রান বেশি করতে পারি তাহলে বোলারদের সুবিধা হবে।’ – বলেছেন মুশফিক।

দেশের অন্যতম সেরা এ ব্যাটসম্যান মনে করেন, স্ট্রাইক রেট যদি বেশি থাকে তাহলে স্কোরবোর্ডে ভালো পুঁজি পাবে বাংলাদেশ। এজন্য লম্বা ইনিংস খেলার পাশাপাশি স্ট্রাইক রেটেও মনোযোগ দেওয়ার পরামর্শ জাতীয় দলের প্রাক্তন অধিনায়কের।



‘স্ট্রাইক রেটটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কত রান করলেন, কত গড়ে রান করলেন, তারচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রাইক রেট। আপনি যদি দেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ৩২০ এর মতো করেও ইংল্যান্ডের কাছে হেরে গেছি। এটাই প্রমাণ করে যে ওই উইকেটে আমাদের ৩৫০-৩৬০ রান করা উচিত ছিল। আমরা টপ অর্ডার ব্যাটসম্যানরা সেটাই চিন্তা করছি। আমরা যদি ১০০ করি, সেটাকে কিভাবে ১৩০-১৫০ এ নিয়ে যাওয়া যায় এবং কত দ্রুত সময়ে নিয়ে যাওয়া যায় সেটাই নিয়েই কাজ করছি।’ – যোগ করেন মুশফিক।

পাশাপাশি ২২ গজে বুদ্ধি খাটানোর পরামর্শ তার,‘রাতারাতি আমরা ক্রিস গেইল, পোলার্ড বা রাসেলকে বের করতে পারব না।  আমাদের যা আছে, তা নিয়েই আমরা ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারিয়েছি।  পাওয়ার হিটিংয়ে তাদের মতো প্লেয়ার আমাদের নেই।  আমাদের কিছু জায়গা আছে, যেখানে আমরা ভালো। মাথা খাটিয়ে খেলতে পারলে আমাদের দল অনেক ভালো ফল পাবে।  আমরা হয়তো ছক্কা খুব বেশি মারতে পারব না। কিন্তু চার মারতে পারব। শুধু বাউন্ডারি না, যেসব মাঠ গুলো বড় হবে, সেগুলোতে আপনার রানিং বিটউইন দ্য উইকেটও গুরুত্বপূর্ণ।  এভাবে যদি আমরা ১০-১৫টা রান করতে পারি আবার ফিল্ডিংয়ে রান বাঁচাতে পারি তাহলে ২০-৩০ রানের তফাৎ তৈরি করতে পারব।’



রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়