ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইংল্যান্ডকে ফের হারাল বাংলাদেশি যুবারা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৫, ২৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইংল্যান্ডকে ফের হারাল বাংলাদেশি যুবারা

ফাইল ফটো

ক্রীড়া ডেস্ক : তামিম ইকবালের নেতৃত্বে শ্রীলঙ্কায় সিরিজ হারের পর হোয়াইটওয়াশের শঙ্কা দেখছে বাংলাদেশ দল। বড়দের এমন হতাশার মাঝে টাইগার সমর্থকদের কিছুটা সান্তনা দিতে পারে অনূর্ধ্ব-১৯ দলের সাফল্য। ইংল্যান্ডকে আবারো হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছে বাংলাদেশি যুবারা।

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ওরচাস্টাশায়ারে ৭১ রানে জয় দিয়ে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রোববার চেতেলহেমে একই প্রতিপক্ষকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪২ রান করে ইংল্যান্ড অনূর্ধ্ব -১৯ দল। ২৪৩ রান তাড়া করতে নেমে বাংলাদেশি যুবারা জয় পেয়েছে ৯ বল হাতে রেখে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই টম ক্লার্ককে হারায় ইংল্যান্ড। জ্যাক হেইন্সের সঙ্গে ৫৮ ও লুইস গোল্ডওয়ার্থির সঙ্গে ৮৫ রানের দুটি জুটিতে দলকে ২ উইকেটে ১৫১ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান বেন চার্লসওয়ার্থ।

গোল্ডসওয়ার্থিকে ফেরানোর পর ফিরতি ক্যাচ নিয়ে ৬৮ রানে চার্লসওয়ার্থকে থামান মৃত্যুঞ্জয়। এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি স্বাগতিকরা।

২৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। কিছুটা প্রতিরোধ গড়ে ফিরেন আরেক ওপেনার পারভেজ হোসেন। ৮০ রানে দুই উইকেট হারানো বাংলাদেশকে জয়ের পথে নিয়ে যান মাহমুদুল ও হৃদয়। ৯ চার ও এক ছক্কায় মাহমুদুল ৮১ রান করে ফিরলে ভাঙে ১৩৬ রানের জুটি। এরপর শাহাদাত হোসেনকে নিয়ে দলকে জয় এনে দেন হৃদয়। ৯৩ বলে ৫ চারে ৭৫ রান করে  অপরাজিত ছিলেন হৃদয়।

আগামী মঙ্গলবার এসেক্সে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।


রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়