জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে গেলেন ২ শতাধিক নেতাকর্মী
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ীতে অনুষ্ঠিত এক সমাবেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ও পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় সারিয়াকান্দির ফুলবাড়ীতে অনুষ্ঠিত এক সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
জাতীয় পার্টির সারিয়াকান্দি উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলমের নেতৃত্বে এই যোগদান সম্পন্ন হয়। এ সময় জাতীয় পার্টির নেতারা বগুড়া-১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিএনপিতে যোগ দেন।
যোগদানকারী অন্যদের মধ্যে ছিলেন- সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খাজা, পৌর জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ফুলবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তহসিন আলী মেম্বার, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি আবু হাসান বাবলা ও রানা মিয়াসহ দলটির দুই শতাধিক নেতাকর্মী।
নবাগতদের স্বাগত জানিয়ে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন, “উপজেলা জাতীয় পার্টির নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। সারিয়াকান্দি ও সোনাতলায় ধানের শীষের পক্ষে জনসমর্থন তৈরি হয়েছে এবং গণতন্ত্রমনা মানুষ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে।”
বিএনপিতে যোগদানকারী জাতীয় পার্টির নেতা অধ্যক্ষ মোকছেদুল আলম জানান, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান এবং এখানে বিএনপির শক্ত অবস্থান রয়েছে। বগুড়ার উন্নয়নে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ভবিষ্যতেও তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। এ কারণেই তারা দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, সহ-সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সুজাউদ্দৌলা সনজু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ঢাকা/এনাম/মাসুদ