১৯৯৪ সালের পর...
ক্রীড়া ডেস্ক: ২০ মার্চ ১৯৯৪, ইংলিশ ব্যাটসম্যান মাইকেল আথারটনকে আউট করে সর্বশেষ উইন্ডিজ পেসার হিসেবে টেস্টে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন কার্টলি অ্যামব্রোস। এরপর কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোসরা নিজেদের কিংবদন্তির পর্যায়ে নিয়েছেন। সবুজ উইকেটের ছোঁয়া পেয়ে উইন্ডিজ ক্রিকেটে অনেক পেসার এসেছেন। কিন্তু টেস্টে দুইশ উইকেট যেন অধরাই থেকে যাচ্ছিল। অবশেষে ২৬ বছর পর কেমার রোচ ঘুচালেন সেই আক্ষেপ। নবম উইন্ডিজ পেসার হিসেবে টেস্টে তুলে নিলেন দুইশ উইকেট।
ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে প্রথম টেস্ট খেলতে নামার আগে মাত্র ৭ উইকেট দূরে ছিলেন। সেই ৭ উইকেট তুলতে রোচ সময় নেনর দুই টেস্ট এবং এক ইনিংস। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস ওকসের স্টাম্প উড়িয়ে ক্যারিয়ারের ৫৯তম টেস্টে দুইশ উইকেটের দেখা পেলেন এ ক্যারিবিয়ান গতিতারকা। জায়গা করে নিলেন উইন্ডিজ কিংবদন্তি জোয়েল গার্নার, ম্যালকম মার্শাল, কোর্টনি ওয়ালশদের পাশে।
অনুজ রোচ দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন টেস্টে প্রথম পাঁচশত উইকেটশিকারি পেসার অগ্রজ ওয়ালশ। তিনি এক ভিডিও বার্তায় রোচকে ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার চেষ্টা চালিয়ে যাওয়ার উপদেশ দিয়ে বলেন, ‘শুভেচ্ছা, কেমার রোচ। দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছ, এইজন্য আমি তোমাকে নিয়ে গর্ব অনুভব করছি। তুমি এটার যোগ্য। তুমি অনেক পরিশ্রম করেছ, সেটার প্রতিদান পেলে। তবে জেনে রেখো, আকাশের কোনো সীমানা নেই। তেমনি তোমার লক্ষ্য বড় করবে। আমি আশা করি তুমি তিনশ উইকেটের মাইলফলকও স্পর্শ করবে।’
রোচের আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন জোয়েল গার্নার, কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস, ম্যালকম মার্শাল, ল্যান্স গিবস, মাইকেল হোল্ডিং, গ্যারি সোবার্স এবং অ্যান্ডি রবার্টস।
২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রোচের। অভিষেক টেস্টে ছয় উইকেট শিকার করে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমন ঘোষণা দিয়েছিলেন রোচ। দুইশ উইকেট শিকারের পথে ক্যারিয়ারে মোট ৯ বার ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন রোচ। আর ম্যাচে দশ উইকেট শিকার করেছিলেন একবার, ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ঢাকা/কামরুল
রাইজিংবিডি.কম