ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মেসির বিদায়ে বার্সেলোনার লাভ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ২৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৫৪, ২৭ আগস্ট ২০২০
মেসির বিদায়ে বার্সেলোনার লাভ

দীর্ঘ দুই দশকের সম্পর্ক ছিন্ন করে, বার্সেলোনা ছাড়ার দ্বারপ্রান্তে লিওনেল মেসি। ফ্যাক্স বার্তায় ক্লাবকে বিষয়টি নিশ্চিত করেছেন মেসি নিজেই। মেসির বার্সা ছাড়ার ঘোষণার পর সমর্থক থেকে শুরু করে ক্লাবের সংশ্লিষ্ট অনেকে বিরোধ জানিয়েছে, এমন সিদ্ধান্তের। তবে বোর্ডের অনেকে মেসির যাওয়াতে ক্লাবের ব্যবসার বিষয়টি দেখছেন।

বার্সার সাবেক প্রেসিডেন্ট হুয়ান গ্যাসপার্তও ব্যবসার কথা বলেছেন সরাসরি। একই কথা বলছেন ক্লাবের প্রেসিডেন্ট পদপ্রার্থী টনি ফ্রেইক্সা। ফেইক্সা তো দাবি করেছেন, ক্লাবের প্রতি মেসি যথেষ্ট সম্মান দেখাচ্ছেন না।

রেডিও মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেইক্সা জানিয়েছেন, মেসির চলে যাওয়াতে ক্লাবের কোনো ক্ষতি দেখছেন না তিনি। তিনি বলেন, ‘আমি আসলে মেসির চলে যাওয়ার ব্যাপারটা নিয়ে অতটা চিন্তিত নই। কারণ সব কিছুরই শেষ আছে। তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সে ক্লাবটির প্রতি শ্রদ্ধাবোধ না রেখে একটি অহেতুক ও প্রতিক্রিয়াহীন উপায়ে চলে যেতে চাইছে।’

বার্তোমেউর প্রতিদ্বন্দ্বী চাইছেন, মেসি ক্লাবে বাই আউট ক্লজের পুরো ৭০০ মিলিয়ন ইউরো এনে দিয়ে তবেই বিদায় নিক। তিনি আরও যোগ করেন, ‘মেসি যা করেছে তাতে আমি বিস্মিত ও হতাশ। চুক্তি অবশ্যই পূর্ণ করতে হবে এবং তাকে যেটা করতে হবে ক্লাবে ৭০০ মিলিয়ন ইউরো আনতে হবে এবং এরপর চলে যেতে পারে।’

এদিকে মেসি চাইছেন ফ্রি ট্রান্সফারে চলে যেতে। জুনে মৌসুম শেষ হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে এবারের মৌসুম শেষ হচ্ছে আগস্টে। আর মেসি মৌসুম শেষ হওয়ার পাঁচ দিন আগেই জানিয়েছেন। তাই মেসি ফ্রি ট্রান্সফারের জন্য প্রয়োজনে কোর্টে যেতেও রাজি আছেন। তবে মেসির যুক্তি পছন্দ হয়নি সাবেক প্রেসিডেন্ট গ্যাসপার্তের। তার মতে চলতি মৌসুমে কোনোভাবেই যেতে পারবেন না এ আর্জেন্টাইন তারকা।

গ্যাসপার্তের আমলে মেসিকে বার্সেলোনায় আনা হয়। সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘মেসি এখন যেতে পারে না। তাকে ২০২১ সালে যেতে হবে। আমি চুক্তি পত্রটি দেখেছি এবং সেখানে পরিষ্কার লেখা রয়েছে। ক্লজ শেষ হবে জুনে এবং এখানে পেছনে সরে যাওয়ার কোনো সুযোগ নেই।’

গ্যাসপার্ত আরও যোগ করেন, ‘আমি মনে করি সে যেন আগামী বছর বিনে পয়সায় যাওয়ার চেয়ে এ বছর ৭০০ মিলিয়ন নয়, তার কিছু কমে যায়। এটাই ক্লাবের চাহিদা। খেলোয়াড় নয়। আমি মেসিকে খুব পছন্দ করি। কিন্তু বার্সেলোনাকে আরও বেশি পছন্দ করি।’

ঢাকা/কামরুল

সর্বশেষ

পাঠকপ্রিয়