ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হুট করে বুকে যন্ত্রণা, মাঠেই শুয়ে গেলেন ফুটবলার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ২৬ আগস্ট ২০২০   আপডেট: ০৮:৫০, ২৭ আগস্ট ২০২০
হুট করে বুকে যন্ত্রণা, মাঠেই শুয়ে গেলেন ফুটবলার

প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ খেলতে হার্থা বার্লিনের বিপক্ষে আয়াক্সের হয়ে মাঠে নেমেছিলেন দালি ব্লিন্ড। ম্যাচের ৭৯ মিনিটে হুট করে বুকে যন্ত্রণা অনুভব করায় সঙ্গে সঙ্গে মাঠে শুয়ে পড়েন ৩০ বছর বয়সী এই ফুটবলার।

নেদারল্যান্ডসের এই ফুটবলার আগে থেকে হৃদরোগে আক্রান্ত। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ক্লাবের কোচিং স্টাফসহ সতীর্থরা। তবে অপ্রীতিকর কোনো অবস্থার সৃষ্টি হয়নি। হৃদপিণ্ডে বসানো যন্ত্র কার্যক্রম বন্ধ করে দিলেও সুস্থ হয়ে মাঠ ছেড়েছেন এই মিডফিল্ডার।

গত ডিসেম্বরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের সময় অসুস্থ বোধ করেছিলেন ব্লিন্ড। পরীক্ষা-নিরীক্ষার পর তখন তার হৃদরোগ ধরা পড়ে। এরপর তার হার্টে ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর (আইসিডি) বসানো হয়। সুস্থ হয়ে গত ফেব্রুয়ারিতে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন।

আর সেই আইসিডি ম্যাচ চলাকালীন হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতেই এমন ঘটনার মুখোমুখি হতে হয় সবাইকে। তবে আয়াক্স কোচ এরিক টেন হাগ জিগো স্পোর্টসকে জানিয়েছেন, সুস্থ আছেন ব্লিন্ড। আয়াক্স কোচ ব্লিন্ডের অসুস্থতার বিষয়টি জানিয়ে বলেন, ‘ব্লিন্ডের কোনো লক্ষণ শুরুতে দেখা দেয়নি। আইসিডি বন্ধ হয়ে যাওয়ার পরও সে ভালোই ছিল। আমরা এখন কিছু পরীক্ষা-নিরীক্ষা করব। সেগুলোর ফল হাতে পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

হার্থা বার্লিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি অবশ্য ১-০ গোলে জিতে নিয়েছে ডাচ চ্যাম্পিয়নরা।

ঢাকা/কামরুল

সর্বশেষ

পাঠকপ্রিয়