আফতাবকে সরিয়ে বাংলা টাইগার্সের কোচ হচ্ছেন ফারব্রেস
এ বছরের শুরুতে টিম ডিরেক্টর হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে নিয়োগ দিয়েছিল টি ১০ লিগের বাংলাদেশি মালিকানাধীন ফ্রাঞ্চাইজি বাংলা টাইগার্স। এবার প্রধান কোচেও বদল আনছে তারা। গত বছর অভিষেক মৌসুমে সাবেক বাংলাদেশি ক্রিকেটার আফতাব আহমেদের অধীনে খেলেছিল দলটি। এবার তাকে সরিয়ে নিয়োগ দিতে যাচ্ছে ইংলিশ কোচ পল ফারব্রেসকে। গত মৌসুমে আফতাবের কোচিংয়ে টাইগার্স তৃতীয় স্থানে থেকে শেষ করেছিল।
বর্তমানে ওয়ারউইকশায়ারের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বে থাকা ফারব্রেস এখনও চুক্তিতে সই করেননি। তবে ফ্রাঞ্চাইজি তাকে প্রস্তাব দিয়েছেন এবং তিনিও আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। আবুধাবিতে ২০২১ সালের ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হবে এই প্রতিযোগিতা।
এখন কাউন্টি থেকে অনাপত্তিপত্র পাওয়ার অপেক্ষায় ফারব্রেস। কোনও কাউন্টি ক্লাবের ডিরেক্টর অব ক্রিকেট ফ্রাঞ্চাইজি লিগের কোচ হওয়ার ঘটনা সচরাচর ঘটে না। তবে ফাব্রেস আশা করছেন, এতে তার ও ওয়ারউইকশায়ারের জন্য ভালো হবে। তাতে করে কাউন্টির অ্যাডাম হোস ও এড পোলকের মতো তরুণ খেলোয়াড়রা টাইগার্সের সঙ্গে খেলার অভিজ্ঞতা অর্জন করবে।
চুক্তি হয়ে গেলে প্রথমবার কোনও ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে কোচিংয়ের অভিজ্ঞতা হবে ফারব্রেসের। ২০১৯ সালের বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ডের সহকারী কোচের পদ ছাড়ার পর প্রথমবার কোচিংয়ে নাম লিখবেন তিনি।
এছাড়া এই মৌসুমে দিল্লি বুলসের কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিংকে সরিয়ে অ্যান্ডি ফ্লাওয়ারকে নিয়োগ দেওয়া হচ্ছে। গত বছর মারাঠা অ্যারাবিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন জিম্বাবুয়ান কোচ। তার দেখাদেখি একই দলে এসেছেন ডোয়াইন ব্রাভো এবং তিনিই বুলসের আইকন খেলোয়াড়।
ঢাকা/ফাহিম