ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৮ উইকেট পতনের দিনে ভারতের লিড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৪, ২৯ ডিসেম্বর ২০২১  
১৮ উইকেট পতনের দিনে ভারতের লিড

লোকেশ রাহুলের সেঞ্চুরিতে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছিল ভারত। তবে দ্বিতীয় দিন পুরোটাই যায় বৃষ্টির পেটে। তৃতীয় দিনে হয় উইকেট উৎসব। ১৮ উইকেটের পতনের দিনে ১৪৬ রানের লিড নিয়েছে ভারত।

প্রথম ইনিংসে ভারতের করা ৩২৭ রানের জবাবে ১৯৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এরপর ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১৬ রান তুলে তৃতীয় দিন শেষ করে। তাতে লিড হয়েছে ১৪৬ রানের। ক্রিজে আছেন লোকেশ রাহুল ৫ রান নিয়ে ও শার্দুল ঠাকুর ৪ রান নিয়ে। তারা দুজন বুধবার চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন। ৪ রান করে আউট হয়েছেন মায়াঙ্ক আগারওয়াল।

তার আগে ১২২ রান নিয়ে প্রথম দিন শেষ করা লোকেশ রাহুল তৃতীয় দিনে আর এক রান করতে পারেন। ১৭টি চার ও ১ ছক্কায় ১২৩ রান করে কাগিসু রাবাদার বলে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ৪০ রান নিয়ে দিন শুরু করা অপর ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে দলীয় ২৯১ রানের মাথায় ব্যক্তিগত ৪৮ রানে ফেরেন লুঙ্গি এনগিদির চতুর্থ শিকারে পরিণত হয়ে। এরপর ২৯১ থেকে ৩২৭ রানে যেতে বাকি ৫টি উইকেট হারায় ভারত।

বল হাতে দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি ৬টি উইকেট নেন। ৩টি উইকেট নেন কাগিসু রাবাদা। আর ১টি উইকেট নেন মার্কো জানসেন।

এরপর দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের তোপের মুখে পড়ে। উইকেট হারাতে থাকে নিয়মিত। শেষ পর্যন্ত ৬২.৩ ওভারে ১৯৭ রান তুলতেই অলআউট হয় তারা। ব্যাট হাতে টেম্বা বাভুমা সর্বোচ্চ ৫২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে কুইন্টন ডি ককের ব্যাট থেকে। ষষ্ঠ উইকেটে তারা দুজন ৬২ রানের জুটি গড়েন।

বল হাতে ভারতের মোহাম্মদ শামি ৫টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ ও শার্দুল ঠাকুর। অপর উইকেটটি নেন মোহাম্মদ সিরাজ।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়