ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ম‌্যানচেস্টার অধ‌্যায় শেষ, রোনালদোর গন্তব‌্য কোথায়?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ২৩ নভেম্বর ২০২২  
ম‌্যানচেস্টার অধ‌্যায় শেষ, রোনালদোর গন্তব‌্য কোথায়?

এমন ঘটনা আগেও হয়েছিল। যে ক্লাব তাকে দু’হাত ভরে দিয়েছে সেই ক্লাব ছেড়ে তিনি চলে গেছেন। কিন্তু এবারের প্রস্থানটা সুখকর হয়নি। ক্রিস্টিয়ানো রোনালদো আর ম‌্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় নন।

পিয়ার্স মরগ্যানকে বিস্ফোরক সাক্ষাৎকার দেওয়ার পর থেকে গুঞ্জন ছড়াতে থাকে রোনালদোকে আর দেখা যাবে না ওল্ড ট্রাফোর্ডে। ধারণা করা হচ্ছিল, কাতার বিশ্বকাপ চলাকালীন অন্তত রোনালদোকে নিয়ে আলোচনা বন্ধ থাকবে। কিন্তু রোনালদো ও ম‌্যানচেস্টার ইউনাইটেড দুই পক্ষই নিজেদের অবস্থান শক্তিশালী থেকে সমঝোতায় চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন:

মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে রোনালদোর ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্তে এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রিস্টিয়ানো রোনালদো পারস্পরিক সমঝোতায় ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে যাচ্ছেন, (যা) অবিলম্বে কার্যকর (হয়েছে)।’

কাতার বিশ্বকাপের ঠিক আগে নিজ ক্লাব ইউনাইটেডের কোচ টেন হাগকে নিয়ে কড়া মন্তব্য করেন রোনালদো। ডাচ এই কোচ তাকে সম্মান করেন না, তাই রোনালদোও তাকে সম্মান করেন না বলে সাফ জানিয়ে দেন।

তিনি আরও জানান, ইউনাইটেডে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ওই সাক্ষাৎকারের পর নড়েচড়ে বসে ক্লাবটি। তবে কাঁদা ছোঁড়াছুঁড়ি না করে সমঝোতাতেই শেষ হয়েছে দুই পক্ষের চুক্তি। রোনালদোকে শুভকামনা জানিয়ে ক্লাবটি বলেছে, ‘ওল্ড ট্র্যাফোর্ডে দুই দফায় ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছেন তিনি। তার ও তার পরিবারের ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করা হচ্ছে।’

এর আগে ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত রোনালদো ইংলিশ ক্লাবটিতে খেলেছেন। এরপর পাড়ি দেন রিয়াল মাদ্রিদে। ২০১৮ সালে তাকে জুভেন্টাস থেকে ফিরিয়ে আনে ম‌্যানইউ। দ্বিতীয় মেয়াদে ইউনাইটেডে ফেরাটা সুখকর হলো না রোনালদোর। বরং শেষটা হলো তিক্ততার মধ্য দিয়ে। রোনালদোর পরবর্তী গন্তব‌্য কোথায় তা নিয়ে আলোচনা থেমে নেই। রিয়াল মদ্রিদে তার ফেরা হচ্ছে না এতোটুকু নিশ্চিত। স্পেনের কোনো ক্লাবও তাকে নিতে আগ্রহী নয়। ইংলিশ গণমাধ‌্যমে জোর আলোচনা, চেলসি ও নিউ ক‌্যাসেল ইউনাইটেড রোনালদোর সঙ্গে কথা চালাচ্ছে। এই তালিকায় যোগ দিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসরও।

চেলসি রোনালদোর সঙ্গে আলোচনায় বসতে চায়। দলটির অন‌্যতম মালিক টড বোহেলি তাকে ফ্রি ট্রান্সফারে চেলসিতে নিতে আগ্রহী। কিন্তু দলটির ম‌্যানেজার গ্রাহাম পটারের রোনালদোকে নিয়ে খুব একটা আগ্রহ নেই। ডেইলি মেইল এক প্রতিবেদনে বলছে ইন্টার মিয়ামিরও রোনালদোকে নিয়ে আগ্রহ আছে। সামনে যে কঠিন চ‌্যালেঞ্জ তার জন‌্য অপেক্ষা করছে তা নিজেও স্বীকার করেছেন রোনালদো।

এক বিবৃতিতে সিআরসেভেন বলেছেন, ‘এখন আমার কাছে নতুন চ্যালেঞ্জ খোঁজার সঠিক সময় বলে মনে হচ্ছে। আমি মৌসুমের বাকি অংশ এবং ভবিষ্যতের জন্য দলের সব ধরণের সাফল্য কামনা করি।’

ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়