ব্যস্ততায় কাটলো হাথুরুসিংহের প্রথম দিন
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
রাতে ঢাকায় নেমে চন্ডিকা হাথুরুসিংহে পরদিন সকালেই হাজির মিরপুর শের-ই-বাংলায়। সিডনি থেকে জিন্স, সাদা টি শার্ট আর মাথায় ক্যাপ পড়ে ঢাকায় এসেছিলেন। রাতের ঘুম শেষে সকালে তাকে দেখা গেল একই থ্রি কোয়ার্টার, রাতের টি শার্ট আর ক্যাপে। সঙ্গে যোগ হয়েছিল কেবল সানগ্লাস।
মনে হচ্ছিল মিরপুরের সবুজ গালিচায় কখন পা পড়বে সেই তর তার সইছিল না। ছয় বছর পর পুরোনো ডেরায় ফিরে বাংলাদেশ জাতীয় দলের কোচকে তেমনটাই পাওয়া গেল।
২০১৭ সালে বাংলাদেশ দলের চাকরি ছেড়ে দিয়েছিলেন হাথুরুসিংহকে। রাসেল ডমিঙ্গো চাকরি থেকে ইস্তফা দেওয়ার পর হাথুরুসিংহকে আবার বাংলাদেশ ক্রিকেটে ফিরিয়েছে বিসিবি। বাংলাদেশের অত্যন্ত সফল কোচও দ্বিতীয় সুযোগটি লুফে নিয়েছেন। শুরুর দিন মিরপুরে বসেছিল মিলনমেলা। আনুষ্ঠানিকভাবে মাঠে আজ কিছু্ই ছিল না। তবে ক্রিকেটাররা আসন্ন হোম সিরিজকে সামনে রেখে যার যার মতো করে তৈরি হয়েছেন।
তামিম ইকবাল এদিন মাঠে এসেছিলেন। ছিলেন নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বী, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেনরা। স্টেডিয়ামে সকাল ৯টায় পা রেখে ড্রেসিংরুম থেকে মাঠে ঢুকেন হাথুরুসিংহে। শুরুতেই তার সঙ্গে দেখা হয়ে যায় বিপিএলে রান ফোয়ারা ছুটানো শান্তর। কুশল বিনিময় শেষে দুজনের মুখে দেখা যায় চওড়া হাসি।
এরপর একে একে সেখানে তামিম, সোহান, ইয়াসিররা যোগ দেন। পুরোনো শিষ্যদের সঙ্গে নতুন ক্রিকেটারদের সঙ্গেও পরিচয় পর্ব সারেন হাথুরুসিংহে। ইবাদতকে দেখে হাত মেলানোর আগে স্যালুট দিয়ে তাকে বুঝিয়ে দেন বেশ ভালো মতোই তাকে অনুসরণ করেছেন।
হাথুরুসিংহের সঙ্গে মাঠেই দেখা যায় স্বদেশি রঙ্গনা হেরাথের। স্পিন বোলিং কোচ কিছুদিন ধরেই স্পিনারদের নিয়ে কাজ করছেন। এরপর কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে দেখা করে বেশ কিছুক্ষণ কথা বলেন। সেই আলোচনায় যোগ দেন ওয়ানডে অধিনায়ক তামিম। তাদের কথোপকথনেই বোঝা যাচ্ছিল মিরপুরের মাঠ আর উইকেট নিয়ে আলোচনা হয়েছে বেশ।
এরপর ইনডোরের মাঠ ঘুরে সব কিছু সম্পর্কে নতুন করে ধারণা নিয়েছেন ৫৪ বছর বয়সী কোচ। ড্রেসিংরুমে ফিরেও ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন হাথুরুসিংহে। তবে প্রথম দিন কোনো সিরিয়াস কথা হয়নি। কুশলাদি বিনিময়ে কেটেছে তাদের সময়।
ওয়ানডে দলে সুযোগের অপেক্ষায় থাকা কাজী নুরুল হাসান সোহান বলেছেন, ‘আজ সবার সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে। সবার সঙ্গে এসে কথা বলছে এবং আমার মনে হয় ভালো কিছুই হবে। বেশিরভাগই ওর পরিচিত, ও জানে। আমার কাছে যেটা মনে হয় একটা বন্ধুত্বপূর্ণ আবহাওয়া আছে, আশা করব যে এভাবে থাকব।’
ইয়াসিন/আমিনুল