পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর ভাবমূর্তি কোথায়, আপনারাই বিচার করবেন। জনগণই বিচার করবে। আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। তাদের নৈতিকভাবে আমাদের উৎসাহিত করা দরকার এবং তারা যাতে সামনে জনপ্রত্যাশা অনুযায়ী, আইন অনুযায়ী, আইনের শাসন বাস্তবায়নের জন্য কাজ করে সে জন্য তাদের উৎসাহিত করা দরকার।”
সোমবার (৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রালয়ে পুলিশ সদস্যদের পুরস্কৃত করার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট নীতিতে বিশ্বাস করি। ভালো কাজের জন্য স্বীকৃতি, মন্দ কাজের জন্য তিরস্কার। সৃষ্টির পালন এবং দুষ্টের দমন–এটা আমাদের নীতি, তা আমরা বাস্তবে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছি। এর মধ্যে সামনের দিনে দেখা যাবে আমরা কতটুক সফল হই।”
টিআইবির প্রতিবেদন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “টিআইবি সরকারি সংস্থা না। আপনারা পরিসংখ্যানটা নেবেন। পুলিশ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকৃত চিত্রটা নেবেন। তারপর আপনারাই বিচার করবেন, জনগণ জাজ করবে।”
তিনি বলেন, “টিআইবির প্রতিবেদনটা আমার সামনে নাই, আর টিআইবি প্রতিবেন করে পত্রিকার কাটিংয়ের ওপরে, টিআইবি কোনও তদন্ত করে না। টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে তারপরে কোনও স্টেটমেন্ট দেয় না। আমাদের সামনে যেটা আছে সেটা হলো পুলিশের অপরাধ চিত্র এবং সেই অপরাধ চিত্রটা জেলা থেকে আমরা কালেকশন করি। এটা আমাদের রুটিন ওয়ার্ক এবং সেটা প্রকৃত তথ্য। আর পত্রিকা অনেক খবর প্রকাশিত হয়। সেগুলো আমরা অবশ্যই নজরে আনি এবং সেগুলো খোঁজখবর নেই। প্রত্যেকটা ঘটনা যে সঠিক সেরকম বলা যাবে না। তবে যেহেতু পত্রিকার লেখার স্বাধীনতা আছে, সেগুলো আছে এবং সেগুলো আমরা যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য পাঠাই। আমি সব পত্রিকার কাটিং সকালে না দেখতে পারলেও দেখি, সারা দিনের মধ্যে দেখি। আমি কনসার্ন ডিপার্টমেন্টের কাছে পাঠাই যে, এ বিষয়ে আপনারা পরীক্ষা-নিরীক্ষা করে আমাকে মতামত দেন, প্রকৃত ঘটনা কি? টিআইবির প্রতিবেদনটা শুধু পেপার কাটিংয়ের ওপরে হয়ে থাকে। সেই বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।”
ঢাকা/আসাদ/সাইফ
২২ লাখ ক্ষুদে শিক্ষার্থীর ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে থাকবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন