ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোল্ডেন এ-প্লাস পাওয়া অন্তর ব্লাড ক্যানসারে আক্রান্ত 

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ১২ জুন ২০২৬  
গোল্ডেন এ-প্লাস পাওয়া অন্তর ব্লাড ক্যানসারে আক্রান্ত 

এক সময় যে হাতে থাকত বই, আজ সেই হাতে চিকিৎসার রিপোর্ট। যেখানে লেখা শরীরে বাসা বাঁধা মরণব্যাধির আদ্যোপান্ত। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার অদম্য মেধাবী শিক্ষার্থী অন্তর শেখ ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। অর্থের অভাবে চিকিৎসাও বন্ধ। বাধ্য হয়ে অন্তরকে বাঁচাতে সমাজের মানবিক মানুষের দ্বারস্থ হয়েছে পরিবার। 

অন্তরের বাবা ভুলু মিয়া। পেশায় কৃষক। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার অভাবের সংসার। অন্তরকে নিয়ে তিনি স্বপ্নের জাল বুনেছিলেন। বাবার স্বপ্নের প্রতিদানও দিচ্ছিল অন্তর। কঠোর পরিশ্রম আর মেধার জোরে সে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস অর্জন করে। 

কিন্তু এই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে অন্তর। চিকিৎসকরা জানান, শরীরে বাসা বেঁধেছে ব্লাড ক্যানসার। দুরারোগ্য এই ব্যাধি মুহূর্তেই ধূলিসাৎ করে দেয় ভুলু মিয়ার স্বপ্ন। চিকিৎসকদের মতে, অন্তরকে সুস্থ করে তুলতে দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। এ জন্য প্রয়োজন ১৬ লাখ টাকা। কিন্তু দরিদ্র কৃষকের পক্ষে এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা অসম্ভব। ছেলের জীবন বাঁচাতে বসতভিটা ছাড়া প্রায় সবই বিক্রি করেছেন ভুলু মিয়া। 

তিনি বলেন, ছেলের চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমার আর অবশিষ্ট নেই। যা ছিল সব শেষ করে ফেলেছি। আমি দেশবাসীর কাছে আমার সন্তানের জীবন ভিক্ষা চাই, দয়া করে আমার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসুন। 

স্থানীয় বাসিন্দা তাহের শেখ অন্তরের প্রশংসা করে বলেন, অন্তর অত্যন্ত নম্র, ভদ্র ও মেধাবী ছেলে। আমাদের এলাকায় ওর মতো ভালো ছেলে পাবেন না। আমরা ওকে নিয়ে গর্ব করি। মানবিক দিক বিবেচনা করে সমাজের মানুষ যদি একটু সহযোগিতার হাত বাড়ায়, তবে ছেলেটার চিকিৎসা চালানো সম্ভব। 

স্থানীয়দের বিশ্বাস, সঠিক সময়ে উন্নত চিকিৎসা পেলে অন্তর আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। তারা একটি মেধাবী প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান, মানবিক সংগঠন ও প্রবাসী ভাইদের সামান্য সহানুভূতি ও আর্থিক সহযোগিতা প্রার্থনা করেন।  

অন্তরের বিষয়ে জানতে যে কেউ 01402-063261, 01902-922664 নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাড়িয়ে দিতে পারেন সহযোগিতার হাত। 

ঢাকা/বাদল//

সর্বশেষ

পাঠকপ্রিয়