বড় দিনের ছুটিতে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম
যুক্তরাষ্ট্রে বড় দিনের ছুটিতে করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।
তিনি বলেন, বড় দিন পরবর্তী করোনা অবস্থা থ্যাংকস গিভিং ডে এর চেয়ে আরও ভয়াবহ হতে পারে।
ড. অ্যান্থনি ফাউসি জানান, থ্যাংকস গিভিং ডে’র চেয়ে বড় দিন ঘিরেই তার উদ্বেগ বেশি। কারণ এই ছুটি আরও বেশি দীর্ঘ। এজন্য পরিস্থিতি আরও বেশি জটিল হবে। যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে দুই লাখের মত মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। ক্যালিফোর্নিয়ায় নতুন করে লকডাউন জারি করা হয়েছে সেই সঙ্গে অন্যান্য রাজ্যে রেকর্ড সংক্রমণ বেড়েছে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৭০৯ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৯৩ হাজার ৩৯৮ জনের।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় কোটি ৮৫ লাখ ৬১ হাজার ৮১০ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৮৯৫ জনের। আর সুস্থ হয়েছেন চার কোটি ৭৪ লাখ ৫৮ হাজার ২৪৩ জন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
ঢাকা/ছাবেদ সাথী/বুলাকী