কোম্পানীগঞ্জে ১০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকারী ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার বিকেলে পতাকা বৈঠক করে উপজেলার উৎমা সীমান্ত পথে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে এদের হস্তান্তর করে বিএসএফ।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- উপজেলার কাকুরাইল গ্রামের আনসার আলীর ছেলে ফজর আলী (৩৫), আব্দুস শুকুরের ছেলে নিজাম উদ্দিন (২৮), বশির উদ্দিনের ছেলে আতাউর রহমান (৩০), ময়না মিয়ার ছেলে শামীম (২৪), মনফর আলীর ছেলে আকতার হোসেন (২৫), মৃত তঞ্জব আলীর ছেলে ফয়েজ আলী (২৮), পাতলীকুনা গ্রামের আব্দুস শুকুরের ছেলে আফতাব মিয়া, মনফর আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩০), ময়না মিয়ার ছেলে আলা উদ্দিন (৩০) এবং তৈয়ব আলীর ছেলে মনসুর আলী (২৬)।
এর আগে রোববার সকাল ৯টার দিকে সীমান্তের ১২৫৯ এর ৭ এস পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে সেখানকার খাসিয়ারা তাদের পাকড়াও করে পুলিশে দেয়। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানালে সোমবার পতাকা বৈঠকের মাধ্যমে উৎমা সীমান্ত দিয়ে তাদের ফিরিয়ে আনা হয়।
বিজিবির উৎমা ক্যাম্পের হাবিলদার মো. মনজেল জানান, আটক বাংলাদেশিরা সীমান্ত পথে ভারতে প্রবেশ করেছিল। পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের ফেরত দিয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
কোম্পানীগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট/আব্দুল্লাহ আল নোমান/নাসিম/বুলাকী
রাইজিংবিডি.কম