ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘রিফাত হত্যা মামলার রায়ে দৃষ্টান্ত স্থাপন হয়েছে’

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ২৭ অক্টোবর ২০২০  
‘রিফাত হত্যা মামলার রায়ে দৃষ্টান্ত স্থাপন হয়েছে’

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির কারাদণ্ড দেওয়ায় দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনা শিশু আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবুল।

মঙ্গলবার (২৭ অক্টবর) দুপুর আড়াইটার দিকে রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব‌্য করেন।

আরো পড়ুন:

মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এ রায় প্রমাণ করে—অপরাধী যেই হোক, কোনো ছাড় নেই।’

তিনি আরও বলেন, ‘মাত্র ৬৩ কার্যদিবসে এ মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ন্যায়বিচারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হয়েছে এবং তা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে।’

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা রায়ে সন্তুষ্ট নন। দ্রুত এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

আসামিপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা কাদের বলেন, ‘আমার মক্কেল ন্যায়বিচার পাননি। তাই আমরা সাত কার্যদিবসের মধ্যেই হাইকোর্টে আপিল করব।’

রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ‌্যে ছয়জনকে ১০ বছরের কারাদণ্ড, চারজনকে পাঁচ বছরের কারাদণ্ড এবং একজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

১০ বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলো—মো. রাশিদুল হাসান রিশান ফরাজী, মো. রাকিবুল হাসান রিফাত হাওলাদার, মো. আবু আব্দুল্লাহ রায়হান, মো. ওলিউল্লাহ অলি, মো. নাঈম এবং তানভীর হোসেন। জয়চন্দ্র সরকার চন্দন, মো. নাজমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত ও সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিব্বুলাহকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। প্রিন্স মোল্লাকে দেওয়া হয়েছে তিন বছরের কারাদণ্ড। মারুফ মল্লিক, রাতুল সিকদার জয় ও আরিয়ান হোসেন শ্রাবণকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রুদ্র রুহান/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়