ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোলার মেঘনায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ২৯ অক্টোবর ২০২২  
ভোলার মেঘনায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। টানা ২২ দিনের নিষেধাজ্ঞার পর প্রথম দিন শনিবার (২৯ অক্টোবর) ইলিশ পাওয়ায় জেলেদের মুখে হাসি ফুটেছে। এভাবে ইলিশ ধরা পড়লে ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে জেলেরা আশাবাদী।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার বাত্তিরখাল মৎস্য ঘাট ঘুরে দেখা গিয়েছে, জেলেরা ব্যস্ত সময় পার করেছেন। সরগরম হয়ে উঠেছে মাছের আড়ৎ ও বরফ মিলগুলো। নৌকা, ট্রলার নিয়ে জেলেরা ইলিশ শিকারে নেমে পড়েছে।

আরো পড়ুন:

প্রথম দিনে পর্যাপ্ত ইলিশ পাওয়ায় খুশি তারা। ইলিশ ধরা পড়ায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জেলেরা। আড়ৎগুলোতে লাখ লাখ টাকার মাছ বিক্রি হচ্ছে। সেই মাছ চলে যাচ্ছে ভোলার বাইরের জেলায়।

বাত্তিরখাল মৎস্য ঘাটের জেলে মনির মাঝি, তোফাজ্জল মাঝি বলেন, ‘আমরা রাতেই নদীতে যাই। যে পরিমাণ মাছ পেয়েছি, তাতে বেশ লাভ হবে। এভাবে মাছ পেলে বিগত দিনে যে ধার-দেনা করেছি, তা পরিশোধ করতে পারবো বলে আশা রাখছি।’

সদর উপজেলার তুলাতলী মৎস্য ঘাটের আড়ৎদার ইসমাইল হোসেন বলেন, ‘মেঘনা নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়ায় যাচ্ছে। মাছের আড়ৎগুলো সরগরম হয়ে উঠেছে। এতে জেলেরাও খুশি, আমরা আড়ৎদাররাও খুশি। প্রথম দিন এ ঘাটে ৬০ লাখ টাকার মাছ কেনা-বেচা হয়েছে।’

তেঁতুলিয়া নদীর পাড়ে গজারিয়া খালগড়া মৎস্য ঘাটের জেলে সিরাজ মাঝি, সুমন, পারভেজ বলেন, ‘আমরা প্রথম দিনে নদীতে গিয়ে ২৫ হাজার টাকার ইলিশ মাছ পেয়েছি। আমাদের খরচ বাদ দিয়ে ১৫ হাজার টাকা লাভ হয়েছে। এভাবে মাছ পেলে বিগত দিনের ধার-দেনা শোধ করতে পারবো।’

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ এ বছর ইলিশের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছেন। ইলিশের অভিযান সফল হওয়ায় নদীতে ইলিশের উৎপাদন বেড়েছে। দ্বীপজেলা ভোলায় ইলিশ ধরার উপর জীবিকা চলে এমন জেলের সংখ্যা ৩ লাখের অধিক।
 

মনজুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়