ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৩, ১০ আগস্ট ২০২৫   আপডেট: ২৩:০৪, ১০ আগস্ট ২০২৫
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদ

দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। 

রবিবার (১০ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের হয়ে হাসপাতাল প্রাঙ্গণ ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে এসে শেষ হয়। এতে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

আরো পড়ুন:

পরে শিক্ষার্থীরা ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এতে ৩০তম থেকে ৩৪তম ব্যাচের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী স্বাক্ষর করেন।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, একটি কুচক্রী মহল রাতের আঁধারে শহরের বিভিন্ন স্থানে অধ্যক্ষ ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মিথ্যা অপবাদ সম্বলিত পোস্টার সাটিয়েছে। তাদের এসব অপবাদের উদ্দেশ্য অধ্যক্ষের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করা। আমাদের সুনামধন্য অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা পোস্টার লাগিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

শিক্ষার্থীরা আরো বলেন, আওয়ামী সরকারের পতনের পর অধ্যাপক ডা. শেখ সাদেক আলী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে কলেজ ইতোমধ্যে জাতীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করেছে এবং সর্বশেষ ২৯তম ব্যাচের অসাধারণ ফলাফল এই অগ্রগতির প্রমাণ। তার স্নেহ ও যত্নে শিক্ষার্থীরা পড়াশোনা করছে এবং তিনি কলেজকে আধুনিক ও শিক্ষা-বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কাজ করে যাচ্ছেন। রাতের আঁধারে যারা আমাদের সম্মানিত অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পোস্টার লাগিয়েছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী বলেন, “দায়িত্ব গ্রহণের পর আমি কলেজকে আধুনিক রূপ দেওয়ার অঙ্গীকার করেছি। শিক্ষার্থীদের ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। তবে রাতের আঁধারে আমার বিরুদ্ধে কুৎসা রটানো আমাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে।”

গত ৩ আগস্ট গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে পদত্যাগের দাবি জানিয়ে পোস্টার লাগানো হয়। পরবর্তীতে সচেতন নাগরিক ও পেশাজীবী মহল পোস্টারগুলো ছিঁড়ে ফেলেন। এ ঘটনা কলেজ ক্যাম্পাসে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে।

ঢাকা/মোসলেম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়