ফেনী হাসপাতালে ১৫ নার্সের পদায়ন
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে একযোগে ১৫ জন সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সকে পদায়ন করা হয়েছে। সম্প্রতি এই হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্নাসহ গুরুতর অনিয়মের অভিযোগে দুই নার্সকে বরখাস্ত করা হয়।
গত ১২ জানুয়ারি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে জারি করা অফিস আদেশে নোয়াখালী, কুমিল্লা, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালে কর্মরত নার্সদের ফেনী জেনারেল হাসপাতালে বদলি করা হয়। স্বাস্থ্য বিভাগ বলছে, জনস্বাস্থ্য সেবা সচল রাখার স্বার্থে এ পদায়ন করা হয়েছে।
এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘বদলীর চিঠি অফিসিয়ালি এখনো হাতে পাইনি। তবে খোঁজ নিয়ে জেনেছি, বদলির বিষয়টি সত্য। আমাদের এখানে নার্সের সংকট রয়েছে। এ বিষয়ে চাহিদা দিয়ে আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। গত সপ্তাহেও চট্টগ্রাম বিভাগের পরিচালক হাসপাতাল পরিদর্শনে এলে আমরা তাঁর কাছে সরাসরি বিষয়টি বলেছি। যেহেতু সংশ্লিষ্ট নার্সদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নিশ্চয়ই চিঠি ও নির্দেশনা অফিসিয়ালি আমরা পাবো।’’
ফেনী জেনারেল হাসপাতাল থেকে কাউকে বদলী করা হয়েছে কি-না এমন প্রশ্নে এ কর্মকর্তা বলেন, ‘‘না, আমাদের এখানে এমনিতেই নার্স সংকট রয়েছে। সংকট কাটাতে ১৫ জনকে এখানে পদায়ন করা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের এখান থেকে কাউকে বদলী করা হয়নি।’’
ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ‘‘বদলীর বিষয় জেনেছি। এ বিষয়ে বিস্তারিত হাসপাতাল তত্ত্বাবধায়ক বলতে পারবেন। ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল আমার দপ্তরের আওতাধীন নয়। তবুও জেলার স্বাস্থ্য বিভাগের প্রধান হিসেবে বিষয়গুলো অবগত থাকতে হয়।’’
এর আগে ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের পাশে রান্না ও খাবার প্রস্তুতের খবর গণমাধ্যমে প্রকাশ হলে সমালোচনা শুরু হয়। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ দুই নার্সকে সাময়িক বরখাস্ত করে। তবে চিকিৎসক ও তত্ত্বাবধায়ক পর্যায়ের কারও বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন ওঠে দায় এড়ানোর চেষ্টা হচ্ছে কি-না?
এ ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরও আলাদাভাবে বিষয়টি পর্যালোচনা করছে। ইতোমধ্যে হাসপাতালের নার্সিং সুপার ভাইজার কল্পনা রানী মন্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বদলিকৃত নার্সদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১৬ জানুয়ারি বিকেল থেকে স্বয়ংক্রিয়ভাবে চাকরি থেকে অব্যাহতি কার্যকর হবে।
ঢাকা/সাহাব/বকুল