ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এনইআইআরের তথ্য বিদেশে যাওয়ার সুযোগ নেই: বিটিআরসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ১৩ জানুয়ারি ২০২৬  
এনইআইআরের তথ্য বিদেশে যাওয়ার সুযোগ নেই: বিটিআরসি

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের সব তথ্য দেশের অভ্যন্তরেই একটি নিরাপদ স্থানে সংরক্ষিত আছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটির দাবি, এই সিস্টেমের তথ্য বা ট্রাফিক অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল হ্যান্ডসেটের অবৈধ আমদানি রোধ, চুরি প্রতিরোধ, অবৈধ হ্যান্ডসেট ব্যবহার করে সংঘটিত অপরাধ দমন এবং সরকারের রাজস্ব নিশ্চিত করার লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ১ জানুয়ারি এনইআইআর সিস্টেম চালু করা হয়েছে।

এনইআইআর কার্যক্রম শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিস্টেমটির সার্ভারের অবস্থান ও ব্যবহৃত আইপি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করে বিটিআরসি জানিয়েছে, এসব অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন।

সংস্থাটি জানায়, এনইআইআর সিস্টেমের সব ডাটা দেশের ভেতরেই হোস্ট করা হয়েছে এবং গ্রাহকের তথ্য সুরক্ষার জন্য বিটিআরসির নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করে সরকার নির্ধারিত ডাটা প্রোটেকশন আইনের সব বিধান অনুসরণ করে সিস্টেমটি তৈরি করা হয়েছে। পাশাপাশি, সিস্টেমে ব্যবহৃত আইপি ঠিকানাগুলো বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের নামে এপনিক (APNIC) কর্তৃক বরাদ্দপ্রাপ্ত।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এনইআইআর পরিচালনার জন্য প্রয়োজনীয় সব রিকুয়েস্ট দেশের অভ্যন্তরেই প্রক্রিয়াকরণ হচ্ছে। আইপি রুট বিশ্লেষণের মাধ্যমে সিস্টেমটির ভৌত অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এনইআইআর বিষয়ে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে বিটিআরসি।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়