হবিগঞ্জে নদী দখল করে নির্মিত বহুতল ভবন উচ্ছেদ
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার পাকুড়িয়া এলাকায় মরা খোয়াই নদী দখল করে নির্মাণাধীন একটি ভবন গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফীনের নির্দেশে উচ্ছেদ অভিযান চালান হয়। অভিযানে নদী দখল করে নির্মিত একটি দোকান অপসারণ করা হয়েছে।
পাকুড়িয়া গুচ্ছগ্রাম এলাকায় একটি প্রভাবশালী চক্র মরা খোয়াই নদীর ভূমি দখল করে বহুতল ভবন নির্মাণ করে। বিষয়টি হবিগঞ্জের জেলা প্রশাসকের নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যার পর চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় নির্মাণাধীন ভবনের দেওয়াল ভেঙে নদীর ভূমি উদ্ধার করা হয়। একই সময়ে চুনারুঘাট উত্তর বাজার এলাকায় মরা খোয়াই নদী সংলগ্ন অন্য একটি অবৈধ নির্মাণাধীন দোকানও উচ্ছেদ করে প্রশাসন।
এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরিফীন বলেন, ‘‘নদী বা সরকারি কোনো সম্পত্তি দখল করার অধিকার কারো নেই। চুনারুঘাটে পরিত্যক্ত খোয়াই নদী দখলের খবর পাওয়ামাত্রই আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। পরিবেশ রক্ষা ও নদীর নাব্যতা রক্ষায় যেকোনো অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে।’’
অভিযান শেষে রাতে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, ‘‘পাকুড়িয়া ও উত্তর বাজারে নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়েছি। সরকারি জমি দখলমুক্ত করতে উপজেলা ভূমি অফিস ও পৌরসভার সমন্বয়ে এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’’
তিনি সতর্ক করে বলেন, ‘‘সরকারি সম্পত্তি দখল বা অবৈধ স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে আমরা পৌরবাসীকে অনুরোধ জানাচ্ছি।’’
ঢাকা/মামুন/বকুল