মান ভাঙাতে গায়ক অরিজিতের বাড়িতে আমির খান?
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
অরিজিতের বাড়িতে আমির খান (ডানে)
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের মুর্শিদাবাদের বাড়িতে গিয়েছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অবস্থিত অরিজিৎ সিংয়ের বাড়িতে যান আমির। অরিজিতের বাড়িতে বেশ কিছুক্ষণ কথা হয় দুই তারকার। তারপরই প্রশ্ন উঠেছে, অরিজিতের মান ভাঙাতে মাঠে নামলেন আমির খান?
কয়েক দিন আগে অরিজিৎ সিং ঘোষণা দিয়েছেন, সিনেমায় আর প্লে ব্যাক করবেন না। এ ঘোষণার পর মুর্শিদাবাদে আমির খানের উপস্থিতি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এ নিয়ে নানা চর্চা চললেও মুখ খুলেননি অরিজিৎ কিংবা আমির খান।
গায়কের বাড়িতে ঢোকার সময় আমিরের গায়ে ছিল চামড়ার জ্যাকেট, পরনে বেজ রঙের জিন্স প্যান্ট। তাকে ঘিরে রাখেন নিরাপত্তারক্ষীরা। গাড়ি থেকে নেমে উৎসুক জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা যায় তাকে। এরপর বিষয়টি সামনে আসে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অরিজিতের বাড়িতে আমিরের উপস্থিতি কি নিছক সৌজন্য সাক্ষাৎ?
বিভিন্ন সূত্রের খবর, বলিউডের তাবড় প্রযোজকের সঙ্গে সিনেমায় গাওয়ার আগাম চুক্তি ছিল অরিজিতের। হঠাৎ প্লেব্যাক থেকে সরে আসার ঘোষণায় চিন্তায় পড়ে যান তারা। সম্ভবত, এই দলে আমির খানও রয়েছেন। তাই হয়তো তড়িঘড়ি ছুটে গেলেন গায়কের জিয়াগঞ্জের বাড়িতে।
আবার এ-ও শোনা যাচ্ছে, আমির খানের পরবর্তী প্রজেক্টে অরিজিৎ সিংয়ের জন্য বিশেষ গান রাখা হচ্ছে। দুজনে একসঙ্গে নতুন কিছু তৈরি করতে চলেছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
ঢাকা/সুচরিতা/শান্ত