আজ রাজশাহীতে দুটি জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহীতে জামায়াত আমিরের জনসভার জন্য প্রস্তুত করা মঞ্চ।
নির্বাচনি জনসভায় যোগ দিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহীতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এখানে দুটি জনসভায় ভাষণ দেবেন। তার আগমন উপলক্ষে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন দলটির নেতারা। প্রস্তুত করা হয়েছে মঞ্চ।
জামায়াত নেতারা জানান, আজ সকালে ডা. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। দুপুরে তিনি আসবেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি ভাষণ দেবেন। সেখান থেকে বিকেলে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির।
জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু বলেন, “রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় মঞ্চ, সাজসজ্জা সম্পন্ন হয়েছে। প্রচার-প্রচারণাও চালানো হয়েছে। এবারের নির্বাচনি জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদের রেকর্ড সংখ্যক উপস্থিতি থাকবে। তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। মাদ্রাসা মাঠে পাঁচটি নির্বাচনি আসন নিয়ে জনসভা অনুষ্ঠিত হবে। এতে ব্যাপক প্রচুর জনসমাগম হবে।”
তিনি আরো বলেন, “শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে। রাজশাহী মাদ্রাসা মাঠে শান্তিপূর্ণ ও উৎসবমুখর জনসভা অনুষ্ঠিত হবে।”
রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, “মাদ্রাসা মাঠের নির্বাচনি সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমাবেশে রাজশাহী মহানগর ও জেলার সাতটি উপজেলার নেতাকর্মীরা যোগ দেবেন। প্রায় দেড় লাখ লোক সমাবেশে অংশ নেবেন। জামায়াত আমিরের এ সফর নেতাকর্মী এবং রাজশাহীবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তিনি।”
রাজশাহী জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি মো. ওবাইদুল্লাহ বলেন, “গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে দুপুর ১২টায় জনসভা শুরু হবে। আমিরে জামায়াত দুপুর ২টায় বক্তব্য দেবেন। তিনি দিকনির্দেশনা ও রাজশাহী-১ আসনে কী কী করবেন সেটা জানাবেন। এখানকার জনসভায় আশা করা হচ্ছে ১ লাখ মানুষ উপস্থিত হবে। জনসভার সব প্রস্তুতি শেষ হয়েছে।”
ঢাকা/মাহী/মাসুদ