মেহেন্দিগঞ্জে ডা. শফিকুর রহমান
জামায়ত ক্ষমতায় গেলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরিশালের মেহেন্দিগঞ্জ সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে নির্বাচনি সমাবেশে শুক্রবার বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “নির্বাচনে আমরা বিজয়ী হলে দেশে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না। ৫ আগস্টের আগে দেশে অহরহ হত্যাকাণ্ড ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের কোন মানুষ আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হবে না।”
তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে বিচার হবে সবার জন্য সমান, সাধারণ মানুষ অপরাধ করলে যে বিচার, রাষ্ট্রপতি অপরাধ করলেও একই বিচার হবে। সবার জন্য সমান বিচার নিশ্চিত করবে জামায়াতে ইসলামী।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “পাকিস্তানের বৈষম্যের কারণে মুক্তিযুদ্ধের সূত্রপাত। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি বাংলাদেশ। দেশ স্বাধীনের প্রথম পৌনে চার বছর শোষণ-নৈরাজ্য করলো আওয়ামী লীগ। এরপর বারবার ক্ষমতার হাত বদল হলেও জাতির ভাগ্যের পরিবর্তন আসেনি।”
তিনি বলেন, “এদেশে সবচেয়ে বড় মজলুম দল জামায়াত। বিচারিক হত্যাকাণ্ডসহ নানাভাবে নিপীড়ন চালানো হয়েছে। তবুও, জনগণের স্বার্থে কথা বলা বন্ধ করিনি। জুলাই বিপ্লবের পরিবর্তনের পর আমরা কোনো নির্দোষ ও নিরীহ মানুষকে হয়রারি করিনি। কিন্তু, একটি দলের লোক মামলা বানিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়ে পড়ে। মানুষকে অতিষ্ঠ করে তুলেছে তারা।”
“জুলাই আন্দোলনকারীরা চেয়েছিল বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ। সেটি প্রতিষ্ঠায় ১১ দলীয় জোট বদ্ধ পরিকর। আল্লাহ যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের সুযোগ দেন তাহলে সবাইকে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেব”, যোগ করেন তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল অঞ্চলের টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, জেলা আমির ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার, এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জেলা জামায়াতের সেক্রেটারি ও বরিশাল-৬ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বরিশাল-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, বরিশাল-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, বরিশাল জেলা এনসিপির আহ্বায়ক আবু সাঈদ মুসা।
ঢাকা/পলাশ/মাসুদ