গাজীপুরে দুই মহাসড়কে গাড়ির ধীরগতি, থেমে থেমে যানজট
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেড়েছে গাজীপুরের দুই মহাসড়কে। ছবি: রাইজিংবিডি
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেড়েছে। নির্বাচন উপলক্ষে লম্বা ছুটি পেয়ে ভোট দিতে এই দুই পয়েন্ট দিয়ে রাজধানী ও গাজীপুর ছাড়ছেন অনেকে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যানজট তৈরি হয়। সেখানে থেমে থেমে যানবাহন চলাচল করছে।
টানা চারদিন ছুটি পেয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। একসাথে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ মহাসড়কে নামায় মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে।
শ্রমিকরা জানান, ছুটিতে ভোট দিতে তারা বাড়ি যাচ্ছেন। সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত যানবাহন পাচ্ছিলেন না। তবে সকালে পরিস্থিতি স্বাভাবিক হলেও সুযোগ বুঝে যানবাহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন। ৮০০ টাকার নিচে কোন গাড়ি পাওয়া যাচ্ছে না৷ গাজীপুরের প্রায় ৫ হাজার শিল্পকারখানার সবই ছুটি হয়ে গেছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ছবি: রাইজিংবিডি
মহাসড়ক দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানিয়েছে, তাদের জনবল সংকট রয়েছে। গাজীপুরের চন্দ্রা দিয়ে উত্তরবঙ্গে যাচ্ছেন শিল্প কারখানার শ্রমিকেরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার আশেপাশে তাই যানবাহনের চাপ হয়েছে। তবে ট্রাফিক পুলিশ মহাসড়ক সচল রাখতে এবং শ্রমিকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তৎপর রয়েছে।
নাওজোর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, “নির্বাচনি দায়িত্বে হাইওয়ে পুলিশের প্রায় ৮৫ শতাংশ সদস্য চলে গেছেন৷ মাত্র ১৫ শতাংশ সদস্যরা দিনরাত টানা ডিউটি করে যাচ্ছেন। সব কারখানা ছুটি হওয়ায় যানবাহনের ধীরগতি রয়েছে।”
ঢাকা/রেজাউল/ইভা