আমরা পরিবর্তন চাই: তৌসিফ মাহবুব
তৌসিফ মাহবুব
সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব অল্প সময়েই দর্শকমহলে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। নাটকে সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র ও উপস্থাপনাতেও নিয়মিত দেখা যায় তাকে। বছরজুড়েই ব্যস্ত সময় কাটালেও নাগরিক দায়িত্ব পালনে সচেতন এই অভিনেতা।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোটগ্রহণ। ভোট সামনে রেখে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তৌসিফ মাহবুব। নির্বাচনকে ঘিরে যখন তারকাদের কেউ কেউ নিজ নিজ অবস্থান প্রকাশ করছেন, আবার কেউ কেউ বিভিন্ন প্রতীক ও প্রার্থীর প্রচারে সরব ভূমিকা রাখছেন। ঠিক তখন ভোট নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন এই অভিনেতা।
ভোট দেওয়া প্রসঙ্গে গণমাধ্যমকে তৌসিফ মাহবুব বলেন, “আমি দেশের একজন সচেতন নাগরিক। ভোট দেওয়া নাগরিক অধিকার। এই অধিকার প্রয়োগ করতে আমি ভোটকেন্দ্রে যাব। কারণ আমরা পরিবর্তন চাই, আর পরিবর্তন হয় অংশগ্রহণের মাধ্যমে। ভোটে অংশ নিয়েই পরিবর্তনের আপাতত শুরু হোক।”
ব্যক্তিজীবন ও কাজের বাইরেও সামাজিক সচেতনতা নিয়ে নিয়মিত কথা বলেন তৌসিফ মাহবুব। অভিনয়ের মাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে সবসময়ই তার ভক্ত-অনুরাগীদের সচেতন করার চেষ্টা করেন।
এই সামাজিক সচেতনতার ধারাবাহিকতায় তাকে ‘লাভ অ্যান্ড নির্বাচন’ শিরোনামের একটি নাটকেও অভিনয় করতে দেখা যায় তাকে। যেখানে দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের জীবনকেন্দ্রিক একটি গল্প উঠে এসেছে। নাটকটিতে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
ঢাকা/রাহাত/শান্ত