ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোট দিলেন সারজিস আলম, স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:২৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোট দিলেন সারজিস আলম, স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা

ভোটকেন্দ্রে সারজিস আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের আলোচিত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ভোট প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। এসময় তার সঙ্গে ভোট প্রদান করেন বাবা আক্তারুজ্জামান এবং ভাই শাহাদাত হোসেন সাকিব। তারা একসঙ্গে কেন্দ্র প্রাঙ্গণে আসেন এবং কিছু সময় অবস্থান করেন।

আরো পড়ুন:

সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। সারজিস আলম কেন্দ্রের বাইরে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্ধারিত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। পরে তিনি কেন্দ্রে প্রবেশ করে ভোট দেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সারজিস বলেন, উৎসবমুখর পরিবেশে আমি আমার ভোট শাপলা কলি প্রতীকে দিয়েছি এবং গণভোটে আমি ’হ্যাঁ’ ভোট দিয়েছি। আমরা নতুন গণতন্ত্রের আশায় আজকে যে ভোট দিলাম- আশাকরি শেষ পর্যন্ত একটি সুষ্ঠ নির্বাচন আমরা পাবো। জনগণের ভোটের উপরে, মতামতের উপরে আমরা যেন আস্থাটুকুন রাখি। প্রত্যেকটা ভোট সেন্টারে যেন সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা পরিবেশ বজায় থাকে এবং এখানে ভোট গ্রহণের সঙ্গে যারা সম্পৃক্ত- প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যরা, আমরা সবার কাছে তাদের সর্বোচ্চ পেশাদার আচরণ প্রত্যাশা করি।

তিনি বলেন, আমরা সব রাজনৈতিক দল এই জায়গায় যদি আমাদের ওইটুকু ন্যূনতম উদার মানসিকতা দেখাতে পারি তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে- রাজনৈতিক দল যারা আছে, তাদের নেতাকর্মীরা যারা আছে, তাদের সহনশীল আচরণ।

সারজিস অভিযোগ করে বলেন, আমরা বিগত কয়েকদিন ধরে এই পঞ্চগড়-১ আসনে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় ভোটারদেরকে বাধা দিতে দেখেছি, হুমকি দিতে দেখেছি, ভয়ভীতির পরিবেশ তৈরি করতে দেখেছি। আমরা প্রত্যাশা করবো যে অন্তত আজকে নির্বাচনের দিনে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ হবে না।

তিনি বলেন, আমরা আশা করবো ভোটকেন্দ্রে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রশাসন রুখে দেবে। কিন্তু প্রশাসন যদি তাদের জায়গায় ব্যর্থ হয় তাহলে আমরা স্পষ্ট করে বলছি কাউকে বিন্দুমাত্র ভোটে প্রভাবিত করে আমরা আমাদের জায়গা থেকে এই নির্বাচনে কাউকে জয়ী হতে দিব না।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৯৬৯ জন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৪১ জন এবং নারী ভোটার দুই হাজার ৯২৮ জন।

পঞ্চগড়-১ আসনে সারজিস আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো ৬ জন। এর মধ্যে তার লড়াই হবে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে। নওশাদ জমির বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এবং সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দুইটি আসন নিয়ে গঠিত পঞ্চগড় জেলা। এ জেলায় মোট ২৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে ২৯টি কেন্দ্রকে বিশেষ গুরুত্বপূর্ণ ও ২৫৭টি গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। 
পঞ্চগড়-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন, এখানে ভোট কেন্দ্র ১৫৫টি। পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন, এখানে মোট ভোটকেন্দ্র ১৩১টি।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন আছে। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় জেলায় ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৮০০ জন সেনা সদস্য, ৮৫০ জন বিজিবি সদস্য এবং পুলিশ সদস্য ১ হাজার ২০০ জন, আনসার ব্যাটালিয়ন ৭৮টি ও আনসার সদস্য প্রতি কেন্দ্রে ১৩ জন করে ৩ হাজার ৭৩১ জন মোতায়েন রয়েছে।

ঢাকা/নাঈম/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়