কক্সবাজারের এমপি ফরিদের বহরের গাড়ির ধাক্কায় শিশু নিহত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরিবার বিকালে কক্সবাজারের চকরিয়ায় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়ি বহরের এই গাড়িটির ধাক্কায় শিশুটি নিহত হয়। বিক্ষুব্ধ জনতা গাড়িটি ভাঙচুর করে।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়ি বহরের একটি গাড়ির ধাক্কায় আহত এক শিশু মারা গেছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে চকরিয়ার বদরখালী এলাকায় এই ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ জনতা সংসদ সদস্যের বহরের গাড়িতে ভাঙচুর চালায়। এই ঘটনার যাচাই করা একটি ভিডিও রাইজিংবিডি ডটকমের হাতে এসেছে।
শিশুটির নাম মোহাম্মদ ওয়াদিল (৭)। সে বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকার প্রবাসী আমান উল্লাহর ছেলে।
রবিবার সকালে এমপি আলমগীর ফরিদ কুতুবদিয়ায় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করতে যান। সেখান থেকে ফেরার পথে বিকেলে বদরখালী এলাকায় পৌঁছালে তার গাড়ি বহরের একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে শিশু ওয়াদিল গুরুতর আহত হয়। তাকে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী নেজাম উদ্দিন হায়দার বলেন, “আমার চোখের সামনেই ঘটনাটি ঘটে। বদরখালী আহমদ কবিরের ঘাটায় গাড়িটি শিশুটিকে চাপা দেয়। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা এমপির গাড়ি বহরের একটি গাড়িতে ভাঙচুর চালায়।”
গাড়িবহরে থাকা শিক্ষক ও সাংবাদিক ফারুক ইকবাল জানান, সংসদ সদস্যের বহরের তিন নম্বর গাড়িটি এই দুর্ঘটনার শিকার হয়। আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, শিশুটির মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।
ঢাকা/তারেকুর/রাসেল