নাটোরে মধ্যরাতে আগুনে পুড়ল ৭টি ঘর, গবাদিপশুর মৃত্যু
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বৃহস্পতিবার মধ্যরাতে নাটোরের ডালসড়ক সংলগ্ন পূর্ব ঢাকোপাড়া গ্রামে জাকির হোসেন নামে কৃষকের বাড়িতে আগুন লাগে।
নাটোরে আগুন লেগে জাকির হোসেন নামে এক কৃষকের সাতটি টিনের ঘর পুড়ে গেছে। এ ঘটনায় গোয়ালে থাকা তার তিনটি গরু ও সাতটি ছাগল মারা যায়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাত সাড়ে ১২টার দিকে নাটোর সদর উপজেলার ডালসড়ক সংলগ্ন পূর্ব ঢাকোপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মধ্যরাতে কৃষক জাকির হোসেনের বাড়ির গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের টিনশেড ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। নাটোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই কৃষকের ঘর ও গোয়ালে পশু পুড়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক জাকির হোসেন বলেন, “রাতে আগুন দেখতে পাই। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আমার চোখের সামনে তিনটি গরু, সাতটি ছাগল পুড়ে মারা গেছে। এড়াছা, নগদ প্রায় আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, খাটসহ সাতটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে গেছে।”
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, “আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে জানা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।”
ঢাকা/আরিফুল/মাসুদ