ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাহাড়ে বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার দীপেন দেওয়ানের

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬  
পাহাড়ে বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার দীপেন দেওয়ানের

পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের মানুষের দোরগোড়ায় সরকারি সেবা ও উন্নয়ন পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য, এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান দিকনির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। সেই নির্দেশনা অনুযায়ী পাহাড়ের প্রতিটি ক্ষেত্রে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা হবে এবং কোথাও কোনো বৈষম্য রাখা হবে না বলেও আশ্বাস দেন দীপেন দেওয়ান।

শুক্রবার (২৭ ফেব্রুযারি) দুপুরে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনি এলাকা রাঙামাটি সফরে এসে সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

এর আগে চট্টগ্রাম থেকে সড়কপথে রাঙামাটির উদ্দেশে যাত্রাকালে পথের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সার্কিট হাউসে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় তাকে স্বাগত জানান।

দীপেন দেওয়ান বলেন, “পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সব খাতে সমন্বিত উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। পাহাড়ে উন্নয়নে কোনোধরনের বৈষম্য বরদাশত করা হবে না।

সরকারের কর্মপরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি বিশেষ উন্নয়ন লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। আগে কাজের মাধ্যমে তার বাস্তব প্রমাণ দেখাতে চান তারা। দীর্ঘদিন ধরে যেসব এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত, সেসব স্থানে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা হবে।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “দল এখন জনগণের সেবক হিসেবে কাজ করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের সেবা ও সুষম উন্নয়নের মানসিকতা নিয়েই সবাইকে এগিয়ে আসতে হবে।”

এদিকে, রাঙামাটি প্রবেশমুখ বেতবুনিয়ার গোদারপাড়া এলাকা থেকে শুরু করে ঘাগড়া, মানিকছড়ি, ভেদভেদী ও বনরূপাসহ শহরের বিভিন্ন পয়েন্টে হাজারো মানুষের সমাগম ঘটে। প্রিয় নেতাকে কাছে পেয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/শংকর/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়