ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গণমাধ্যমের বাধা ছাড়া কাজ করার স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
গণমাধ্যমের বাধা ছাড়া কাজ করার স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করবে সরকার। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘‘গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে কোনো বাধা ছাড়া পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে, আমরা সেটা চাই। আপনারা স্বাধীনভাবে যদি কাজ করতে পারেন; দেশের জন্য এটি ভালো সুফল বয়ে আনবে।’’ 

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘‘আমরা চাই গণমাধ্যম বিকশিত হোক। তবে এটা করতে গেলে অবশ্যই সাংবাদিক ভাই-বোনদের যে সমস্যাগুলো আছে, এটা সমাধান করা প্রয়োজন। সাংবাদিক ভাই-বোনদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে না।’’ 

সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিধি বাড়ানো হবে বলে জানান প্রতিমন্ত্রী। 

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘‘সরকার ভুল করলে আপানার ধরিয়ে দেবেন। তবে কেউ যেন অপপ্রচার বা মিথ্যা সংবাদ প্রচার না করে। সত্যকে সত্য, সাদাকে সাদা; আমরা সেটাই দেখতে চাই। আমরা যদি ভবিষ্যতে সরকারে নাও থাকি, তারপরও সাদাকে সাদা, কালোকে কালো— এই ধারটা যেন অব্যাহত থাকে, সেই দিকে নজর রাখবেন।’’ 

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহ জেলা সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, র‌্যাব-১৪ অধিনায়ক নয়মুল হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, সদস্য ম. হামিদুল হক মানিক, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

ঢাকা/মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়