ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফুটপাত দখলে সড়কে হাঁটছেন পথচারী, যানজটে নাকাল মাদারীপুরবাসী

বেলাল রিজভী, মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১৩ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৪৬, ১৩ মার্চ ২০২৬
ফুটপাত দখলে সড়কে হাঁটছেন পথচারী, যানজটে নাকাল মাদারীপুরবাসী

মাদারীপুর পৌর শহরের পুরান বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকানপাট। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও সাধারণ মানুষ। ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে না পেরে অনেকেই বাধ্য হয়ে সড়ক দিয়েই হাঁটছেন, এতে শহরে যানজটও বাড়ছে।

মাদারীপুর শহরের বাসিন্দা শেখ আব্দুর রহিম বলেন, “পুরান বাজার এলাকায় কেনাকাটা করতে এলে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। ফুটপাতগুলো দখল হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে।”

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দা রাকিব হাসান বলেন, “ফুটপাতের বিভিন্ন জায়গা কিছু দোকান মালিক ভাড়া দিয়ে দখল করে রেখেছেন। পৌর কর্তৃপক্ষ ও পুলিশের উচিত যারা অবৈধভাবে ফুটপাত ভাড়া দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।”

আরেক বাসিন্দা শফিকুল ইসলাম জানান, অনেক পৌরসভায় দিনের বেলায় বড় ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকে এবং মাদারীপুর পৌরসভাতেও এমন নিয়ম রয়েছে। কিন্তু, এরপরও বড় ট্রাক পুরান বাজার এলাকায় প্রবেশ করায় যানজট তৈরি হচ্ছে। তার অভিযোগ, ট্রাফিক বিভাগের কিছু অসাধু কর্মচারী টাকার বিনিময়ে এসব ট্রাককে সুযোগ-সুবিধা দিচ্ছেন।

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, “প্রশাসনের উচিত সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখা। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করা গেলে পথচারীদের ভোগান্তিও অনেকটাই কমবে।”

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “ঈদকে কেন্দ্র করে যাতে কেউ ফুটপাত দখল করে যানজট সৃষ্টি করতে না পারে, সে জন্য ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।”

স্থানীয়দের দাবি, দ্রুত ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা হলে মাদারীপুর শহরের যানজট অনেকটাই কমে আসবে।

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়