ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাভারে জাবি ছাত্রীর রক্তাক্ত ‘মরদেহ’ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ১৫ মার্চ ২০২৬   আপডেট: ২১:৪৭, ১৫ মার্চ ২০২৬
সাভারে জাবি ছাত্রীর রক্তাক্ত ‘মরদেহ’ উদ্ধার

ঢাকার সাভারের ইসলামনগর এলাকার একটি বাসা থেকে শারমিন জাহান (২৩) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন চিকিৎসক। শারমিন জাহান বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুরের কচুয়ার বাসিন্দা।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, শারমিন তার স্বামী ফাহিম আল হাসানের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

শারমিনের স্বামীর ভাষ্যমতে, রবিবার দুপুর ২টা থেকে ৩টার দিকে বাসায় ফিরে বাসার প্রধান দরজা বাইরে থেকে বন্ধ পান। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে শারমিনকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। শারমিনের মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল এবং তিনি সম্পূর্ণ নিস্তেজ অবস্থায় ছিলেন বলে জানান ফাহিম আল হাসান। ​পরবর্তীতে বাড়ির মালিক ও প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজে ও হাসপাতালের ডিউটি অফিসার ইউসুফ আলী বলেন, “ওনাকে (শারমিন) বিকেল সোয়া ৫টার দিকে হাসপাতালে আনা হয়। তখন তিনি মৃত ছিলেন। আমরা তাকে ব্রট ডেড ঘোষণা করি।”

খবর পেয়ে এনাম মেডিকেল কলেজে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ কয়েকজন শিক্ষার্থী।

প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, “আমরা ঘটনা সম্পর্কে অবগত হয়েছি এবং যথাসম্ভব সহযোগিতা করেছি। পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি এর প্রপার ইনভেস্টিগেশন করার।”

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, “ধারণা করা হচ্ছে, এটা হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “ওই ছাত্রীর স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ঢাকা/সাব্বির/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়