চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর অনুদান
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
চেক হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরত ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে এই অর্থ বণ্টন করা হবে। প্রত্যেক পরিচ্ছন্ন কর্মী ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্যও একইভাবে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার ঘোষণা করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় পরিচ্ছন্ন কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের জন্য এই আর্থিক সহায়তা উৎসাহ ও প্রেরণা জোগাবে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন।
ঢাকা/রেজাউল/বকুল