ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাটোরে ছুরিকাঘাতে রঙমিস্ত্রি নিহত, ছেলে আহত 

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ১৭ মার্চ ২০২৬   আপডেট: ১০:০৮, ১৭ মার্চ ২০২৬
নাটোরে ছুরিকাঘাতে রঙমিস্ত্রি নিহত, ছেলে আহত 

নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক রঙমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে কাউছার হোসেন  আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) মধ্যরাত ১টার দিকে শহরের কান্দিভিটুয়া কদমতলা এলাকায় তারা হামলার শিকার হন। 

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে রাস্তায় মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে আবুল কালাম আজাদের ছেলে কাউছারের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের বাগবিতণ্ডা হয়। এরই জেরে সোমবার মধ্যরাতে রহিমসহ তার ছেলেরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আবুল কালাম আজাদ ও তার ছেলে কাউছারের ওপর হামলা চালায়। 

হামলায় আবুল কালাম আজাদ ও কাউছার ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবুল কালাম আজাদের মৃত্যু হয়। 

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইখতে খায়ের আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়