ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ৩০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভারতের কারাগারে মৃত্যু: ৩৮ দিন পর ফিরল বাংলাদেশির মরদেহ

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ১৯ মার্চ ২০২৬   আপডেট: ২১:০১, ১৯ মার্চ ২০২৬
ভারতের কারাগারে মৃত্যু: ৩৮ দিন পর ফিরল বাংলাদেশির মরদেহ

অবৈধভাবে ভারতে গিয়ে কারাবাসে মৃত্যুর ৩৮ দিন পর দেশে ফিরেছে খাইরুজ্জামাল (৪২) নামে এক বাংলাদেশির মরদেহ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে লালমনিরহাটের চেংড়াবান্দা (বুড়িমারী) স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

খাইরুজ্জামাল কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামের বাসিন্দা। তি‌নি ওই গ্রামের মৃত আব্দুল্লার ছেলে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন খাইরুজ্জামাল। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ করছিলেন তিনি।

কারাবন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি তাকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ দেশে ফিরে আনতে দুই দেশের মধ্যে দীর্ঘ প্রশাসনিক ও কূটনৈতিক যোগাযোগ শুরু হয়।

খাইরুজ্জামালের মৃত্যুর ৩৮ দিন পর বৃহস্পতিবার দুপুরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উলিপুর থানার ওসি সাইদ ইব‌নে সিদ্দীক ব‌লেন, “দীর্ঘ আইনি প্রক্রিয়া শে‌ষে খাইরুজ্জামা‌লের মর‌দেহ তার স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। রা‌তে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হ‌য়েছে।”

ঢাকা/সৈকত/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়