ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু শ্যামপুরে উদ্ধার, আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ২২ মার্চ ২০২৬  
নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু শ্যামপুরে উদ্ধার, আটক ১

গ্রেপ্তারকৃত আলী হোসেন

নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে অপহৃত ৯ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে স্বল্প সময়ের মধ্যে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এই ঘটনায় জড়িত একজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

তিনি জানান, গত ১৯ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর থানার চানপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোশারফ হোসেন ভূইয়ার ছেলে মোহাম্মদ হোসেন (৯) খেলাধুলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

একই দিন রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনে যোগাযোগ করে শিশুটিকে অপহরণের কথা জানায় এবং মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়। পরে অপহরণকারীরা পুনরায় যোগাযোগ করে মুক্তিপণের জন্য চাপ সৃষ্টি করতে থাকে।

এ ঘটনায় শিশুটির বাবা বন্দর থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) ইমরান আহম্মেদের নেতৃত্বে দুটি বিশেষ টিম গঠন করা হয়।

তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী আলী হোসেন (১৯)-এর অবস্থান শনাক্ত করা হয়। পরে গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে উত্তোলিত নগদ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আলী হোসেন জানায়, সে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিশুটির সঙ্গে সখ্য গড়ে তোলে। ঘটনার দিন বিকেলে ঈদের নতুন জামা ও কেনাকাটার প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে ঢাকার শ্যামপুর এলাকায় একটি ভাড়া বাসায় আটকে রাখে। পরে বিভিন্ন নম্বর থেকে যোগাযোগ করে শিশুটির পরিবারের কাছে প্রথমে ১০ লাখ টাকা এবং পরে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পাশাপাশি শিশুটিকে ভারতে পাচার ও হত্যার হুমকিও দেওয়া হয়।

অপহরণকারীদের চাপে পড়ে শিশুটির পরিবার দুই দফায় মোট ১৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠায়।

গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে ঢাকার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ভাড়া বাসা থেকে অপহৃত শিশু মোহাম্মদ হোসেনকে উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ঢাকা/অনিক/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়